নিজস্ব প্রতিবেদক।।
একটি প্রীতি ফুটবল ম্যাচে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ মঙ্গলবার বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার এইচ ই মি. জেরেমি ব্রয়ার ও বাংলাদেশ সফরত অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের এয়ার কমোডর ম্যাককরমাক।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল এবং ঢাকা সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইন্দো-প্যাসিফিক এনডেভার-২০২৩ এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে। এই খেলায় দুই দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।











































