স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপের আর ১০ দিনও বাকি নেই। ১০ দল নিয়ে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে সবার শেষে আজ মঙ্গলবার দল ঘোষণা করা হয়েছে। অনেক নাটকীয়তার পর নিউজিল্যান্ড সিরিজে ফিরলেও চোটের কারণে দলে রাখা হয়নি তামিম ইকবালকে। তবে দীর্ঘদিন পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ঘোষিত ১৫ জনের দলে।
অন্যান্যবারের মতো এবার সংবাদ সম্মেলন ডেকে দলে কারা থাকছেন সেই ঘোষণা দেননি নির্বাচকরা। বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে এক ভিডিওর মাধ্যমে প্রত্যেক খেলোয়াড় নিজেদের নাম বিশ্বকাপের স্কোয়াডে থাকার বর্ণনা দেন। সেই ঘোষণার পর সংবাদ সম্মেলনে আসেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও বাকি দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আবদুর রাজ্জাক। দল ঘোষণা দিতে কেন দেরি এবং তামিমের বাদ পড়া ও মাহমুদউল্লাহর দলে অন্তর্ভুক্তির বিষয়ে কথা বলেন তারা।
মাহমুদউল্লাহর দলে থাকার বিষয়ে নান্নু বলেন, ‘আগেই বলেছি, বিশ্বকাপের আগে যেকোনো খেলোয়াড়কে যেকোনো সিরিজে দেখব। ও (মাহমুদউল্লাহ) পরিকল্পনাতেই ছিল। তাকে নিউজিল্যান্ড সিরিজে দেখেছি।’
তামিম প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘কিছু কিছু ইনজুরি আছে, সেগুলো নিয়ে আপনি ঝুঁকি নিতে পারেন না। …তামিম অন্যতম সেরা। কিন্তু চোটের দুশ্চিন্তা থাকলে নিজেকে মেলে ধরা কঠিন। মেডিকেলের সঙ্গে আলোচনা করেছি, নিজেদের মধ্যেও আলোচনা হয়েছে। এগুলো আগেই বলেছি, এখন দল ঘোষণা হয়ে গেছে।’
দল নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত ভাবতে হয়েছে, তাই দল ঘোষণায় দেরি হয়েছে বলে জানিয়েছেন হাবিবুল বাশার সুমন।











































