রোডমার্চ: যশোরের পথসভায় মির্জা আব্বাস
শহিদুল ইসলাম দইচ যশোর।।
বিএনপি’র খুলনা বিভাগীয় রোডমার্চ কর্মসূচি চলাকালে যশোরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন থেকে যা হবে তার পাল্টা হবে। খালি হাতে যাবে না। সে যেই করুক পোশাক হোক, সাদা পোশাক বা উর্দিওয়ালা -যাই হোক কোনও অসুবিধা নাই। সারা দেশে একযোগে আন্দোলন হচ্ছে, হতে থাকবে; আর দেশকে ইনশাল্লাহ মুক্ত করবো হায়েনার হাত থেকে।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার সকালে ঝিনাইদহ থেকে বিএনপির রোডমার্চ মাগুরা হয়ে দুপুরে যশোরের বাঘারপাড়ায় পৌঁছায়। সেখানে পথসভা শেষে বিকেল চারটায় বহরটি যশোর শহরের মুড়লী মোড়ে পৌঁছায়।
এখানে আয়োজিত পথসভায় মির্জা আব্বাস প্রধান অতিথির বক্তৃতায় আরও বলেন, আমাদের ভাগ্নে দেশ থেকে এক লাখ ৯ হাজার কোটি টাকা পাচার করেছেন। যে টাকা দিয়ে বাংলাদেশে কমপক্ষে ১০ টি পদ্মা সেতু করা যেত।
তথাকথিত উন্নয়নের কথা বলে টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
‘সম্প্রতি প্রধানমন্ত্রী তার ছেলে জয়ের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়ে বলেছেন আমার কী আসে যায়’- উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, কথা তো ঠিকই, সম্পদ তো আপনারও না জয়েরো না সম্পদ হচ্ছে আমাদের। আমাদের ঘামের টাকা-পয়সায এগুলা।
পাচারকৃত টাকা ফেরত আনার দাবি জানিয়ে তিনি বলেন, টাকাগুলো দেশে ফিরিয়ে আনুন, জনগণকে মাফ করেন। অনেক শোষণ করেছেন। রক্ত চুষতে চুষতে এদেশের মানুষকে ফ্যাকাশে বানিয়ে ফেলেছেন।
নিরপেক্ষ নির্বাচনের দাবি করে তিনি বলেন, জনগণকে মাফ করেন। গদিটা ছাড়েন, নিরপেক্ষ নির্বাচন দেন। আমার নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেন। দেশের লোক তাহলে আপনাকে মাফ করলেও করতে পারে।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় নিতাই রায়চৌধুরী অনিন্দ্য ইসলাম অমিত বরকত উল্লাহ বুলু শামসুজ্জামান দুদু, সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় ও জেলা-উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন।
মুড়লী সড়কে সকাল থেকেই বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর ঢল নামে। বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলের বহর নিয়ে সেখানে জড়ো হন তারা। এছাড়াও বিভিন্ন ব্যানার ও স্লোগানের মাধ্যমে খণ্ড-খণ্ড মিছিল সহকারেও অনুষ্ঠানস্থলে যোগ দিতে দেখা গেছে অনেককে। এ সময় তারা সরকার পতনের নানা স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ।











































