মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মুসলিম বিশ্বের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় রুপালী দাস (৪৫) নামের এক নারীকে আটক করেছেন পু্লিশ। মঙ্গলবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রুপালী দাস রাসুল (সাঃ) কে নিয়ে এ কটুক্তি মুলক উক্তি করার পর পর তাকে আটকের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এলাকাবাসী। এরপরই ওই মহিলাকে আটক করে পুলিশ।
বাগেরহাটের রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম আশরাফুল আলম জানান, রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা এলাকার গোবিন্দ দাসের স্ত্রী রুপালী দাস গত রবিবার সকাল ৮টার দিকে গৌরম্ভা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের একটি টিউবওয়েলে পানি আনতে যান। ওই সময় একই এলাকার মৃত মজিবর শেখের স্ত্রী মমিনা বেগম (৭৫)ও পানি আনতে যান সেখানে। ওই সময় রুপালী দাস রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তি মুলক মন্তব্য করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রুপালীকে আটক ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয়রা। পরে এ ঘটনার বিষয়টি জানতে পেরে রামপাল থানা পু্লিশ মঙ্গলবার দুপুরে গৌরম্ভা ফাঁড়ির সহায়তায় রুপালীকে আটক করেন। আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম আশরাফুল আলম।











































