Home খেলাধুলা বিশ্বকাপের পর মেসিকে নিয়ে ‘কম উদযাপন’র কারণ জানালেন খেলাইফি

বিশ্বকাপের পর মেসিকে নিয়ে ‘কম উদযাপন’র কারণ জানালেন খেলাইফি

87

স্পোর্টস ডেস্ক।।

২০২২ সালের কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে ফুটবল বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শ্যুটআউটে হারায় লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপের পর ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে যোগ দেন মেসি। তবে এই আর্জেন্টাইন কয়েকদিন আগে অভিযোগ করেছিলেন, বিশ্বকাপ জিতে আসার পরও তাকে ভালোভাবে বরণ করা হয়নি পিএসজিতে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলা মেসির কথার জবাব দিয়েছেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি।

প্রথমেই মেসির এমন দাবি প্রত্যাখ্যান করেছেন খেলাইফি। তবে স্বীকার করেছেন, ফ্রান্সকে অল্প ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় ধুমধাম করে উদযাপন করা সম্ভব হয়নি।

 

মেসির অভিযোগ প্রসঙ্গে আরএমসি স্পোর্টকে খেলাইফি বলেছেন, ‘সবাই সেটা দেখেছে, কারণ আমরা একটি ভিডিও প্রকাশ করেছিলাম। আমরা অনুশীলনের সময়ও মেসিকে নিয়ে উদযাপন করেছি। ব্যক্তিগতভাবে তাকে নিয়ে আমরা উদযাপন করেছি।’

 

তবে আরও বড়ভাবে কেন উদযাপন করা সম্ভব হয়নি সেই প্রসঙ্গে খেলাইফি বলেন, ‘সম্মানের সঙ্গেই বলছি, আমরা একটি ফরাসি ক্লাব। স্টেডিয়ামে সেটি উদযাপন করা সংবেদনশীল ছিল। আমাদের অবশ্যই সেই দেশের প্রতি সম্মান দেখাতে হবে। তার ফ্রান্স দলের সতীর্থ এবং আমাদের সমর্থকদের প্রতিও।’

 

২০২১ সালে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি দিয়েছিলেন মেসি। এরপর দুই মৌসুম কাটিয়ে এবার যোগ দেন ইন্টার মায়ামিতে। ফ্রান্সে যে মেসি সুখে ছিলেন না সেটি বেশ কয়েকবারই বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

 

পিএসজিতে তার সময় কেমন কেটেছে সেটি নিয়ে কয়েকদিন আগে এই তারকা বলেছিলেন, ‘পিএসজিতে বেশ অস্বস্তিকর সময় কেটেছে। সমর্থকগোষ্ঠীর লাঞ্ছনা গঞ্জনা তো ছিলই, ক্লাবের ভেতরেও একটা গুমোট অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। বিশেষ করে বিশ্বকাপ জেতার পর থেকে। আমিই ২৫ জনের মধ্যে একমাত্র খেলোয়াড় ছিলাম, যে (ক্লাবের) কোনো স্বীকৃতি পাইনি।’