Home জাতীয় নতুন প্রধান বিচারপতির শপথ ২৬ সেপ্টেম্বর

নতুন প্রধান বিচারপতির শপথ ২৬ সেপ্টেম্বর

13

ঢাকা অফিস।।
আগামী ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন সদ্য নিয়োগ পাওয়া ওবায়দুল হাসান।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় বঙ্গভবনের দরবার হলে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন ওবায়দুল হাসান। তাকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গত ১২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

১৯৫৯ সালের ১১ জানুয়ারি নেত্রকোণা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন বিচারপতি ওবায়দুল হাসান। তার পিতা মরহুম ডা. আখলাকুল হোসাইন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে এমএসএস ডিগ্রি লাভ করেন। এরপর একই বিশ্ববিদ্যালয় হতে তিনি এলএলবি ডিগ্রী অর্জন করেন। ১৯৮৬ সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন।

বিচারপতি ওবায়দুল হাসান ২০০৯ সালের ৩০ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগদান করেন এবং ২০১১ সালের ৬ জুন একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বহু দেশ ভ্রমণ করেছেন।