Home আঞ্চলিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ লাখ টাকার তামার তারসহ মাইক্রোবাস জব্দ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ লাখ টাকার তামার তারসহ মাইক্রোবাস জব্দ

25

নিজস্ব প্রতিনিধি।।

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ২৬৩ কেজির অধিক তামার তারসহ চোরচক্রের তিনজন সদস্যকে আটক করেছে রামপাল আনসার ক্যাম্পের সদস্যরা। এ সময় তামার তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নাম্বার গেটে অভিযান চালিয়ে চোর চক্রের ওই সদস্যদের আটক করা হয়।

আটককৃতরা হলো -ফকিরহাট উপজেলার ভাড়াশিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মো. মেহেদী হাসান (১৯), খুলনার রুপসা উপজেলার খাজা ডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মো. মাহাবুব হোসেন (২১) ও খুলনার সোনডাঙ্গা উপজেলার গোবর চাকা এলাকার মফিজ সরদারের ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৪৮)।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আনসার ব্যাটালিয়ন-৩ এর সহকারী পরিচালক শাহনাজ জেসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী পরিচালক শাহনাজ জেসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমান তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে ৩ আনসার ব্যাটালিয় রামপাল ক্যাম্পের চৌকশ আভিযানিক একটি দল বিদ্যুৎ কেন্দ্রের ১ নাম্বর গেটে অভিযান চালায়। এ সময় ২৬৩ কেজির অধিক পরিমানে আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের ওই তিন সদস্যকে আটক এবং তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমাণিক বাজার মূল্য ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জব্দ করা মালামালসহ চোরদের রামপাল থানায় সোপর্দ করা ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য গত মে ২০২২ তারিখ থেকে এ পর্যন্ত ৬০টির অধিক অভিযানে প্রায় ৭৯ লাখ ৩০০ টাকার চোরাই মালামাল ও ৫৪ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।