স্পোর্টস ডেস্ক।।
আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য সবশেষ এশিয়া কাপের স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে। বাদ পড়েছেন ওপেনার নাইম শেখ, মিডলঅর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন ও শামীম হোসেনরা। এই সুযোগে দলে ঢুকেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকারসহ কয়েকজন।
আসছে বিশ্বকাপে দল ঘোষণার ক্ষেত্রে তাদের এই সিরিজের পারফরম্যান্স রাখতে পারে বড় ভূমিকা। তবে ম্যাচে তাদের ভূমিকা কী হবে সেটি নিয়ে আগ্রহ ছিল। ম্যাচের আগের দিন আজ বুধবার সংবাদ সম্মেলনে এসে সরাসরি ব্যাখ্যা না করলেও তাদের ভূমিকার কথা বলেছেন এই সিরিজের অধিনায়ক লিটন দাস, ‘রোল (ভূমিকা) জিনিসটা নিয়ে আমি আসলে বলতে চাই না। এটা পরিস্থিতির ওপর নির্ভর করে।’
মাহমুদউল্লাহকে নিয়ে লিটনের ভাষ্য, ‘ম্যাচে যদি দ্রুত উইকেট পড়ে যায়, এরপর যদি রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই ব্যাটিংয়ে যায়, ৩০-৩৫ ওভারের খেলা থাকে, তাহলে উনি ওনার মতো করেই খেলবেন। সেটি বলার দরকার নেই, তিনি অনেক অভিজ্ঞ। এটা সৌম্যর ক্ষেত্রেও। যেখানে সুযোগ পাবে তারা রান করার চেষ্টা করবে।’
এশিয়া কাপের আগে আফগানিস্তান সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ফিরে এসেছেন ওপেনার তামিম ইকবাল। তবে চোটের কারণে খেলেননি এশিয়া কাপ। নিউজিল্যান্ড সিরিজ উপলক্ষে ফিরছেন তিনি। অভিজ্ঞ দুজনের কাছ থেকে প্রত্যাশা সম্পর্কে জিজ্ঞেস করলে লিটনের উত্তর, ‘দুজন সিনিয়র প্লেয়ার থাকলে সব সময়ই সহায়তা হয়। তারা অনেক দিন পর এসেছেন। আমি কোনো কিছু নিয়ে চাপ দিতে চাই না। তারা খেলাটা উপভোগ করুক। আমার মনে হয়, বাংলাদেশের খেলোয়াড়রা যদি উপভোগ করে, তাহলে সফল হওয়ার সুযোগবেশি থাকে।’











































