খুলনাঞ্চল রিপোর্ট।।
তিন মাস প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় প্রাণ-প্রকৃতি নতুন রূপে সেজে উঠেছিল সুন্দরবনে। ওই সময়টুকুতে পর্যটন কেন্দ্রগুলোও পর্যাপ্ত পরিমাণ সংস্কার করে নিয়েছে বন বিভাগ। নিষেধাজ্ঞা শেষে গত ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের চলতি মৌসুম শুরু হয়েছে। সেদিন থেকে ধারাবাহিকভাবে পর্যটকরা সুন্দরবনে যাতায়াত শুরু করেছেন।
পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বনে গিয়ে একটু ভিন্ন রকমের মনে হয়েছে তাদের। পরপর দুটি পর্যটকের দল দেখা পেয়েছে বাঘের সঙ্গে। হরিণের পাল দেখা গেছে নদীর চরে। পর্যটন কেন্দ্রগুলো অবকাঠামোগত উন্নয়ন হওয়ায় বনে চলাচলও সহজ হয়েছে।
আশিকুর রহমান পাঁচ দিন আগে সুন্দরবন ঘুরে এসেছেন। তিনি মোংলা থেকে রওনা হয়ে করমজল, হাড়বাড়িয়া, নীলকমল ও কটকা ইকো ট্যুরিজম কেন্দ্র পরিদর্শনে এসেছেন।
তিনি বলেন, ‘এবার নীলকমলে গিয়ে একটু ভিন্ন রকমের আনন্দ উপভোগ করেছি। সেখানে বেশ অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। সমুদ্রসৈকতে একসঙ্গে আমরা প্রায় পাঁচ হাজার হরিণের পাল দেখতে পেয়েছি।’
সুন্দরবনে পর্যটক নিয়ে যায় এমন কয়েকটি ট্যুর অপারেটরের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘এমভি বন সাম্পান’ পর্যটকবাহী একটি লঞ্চ ২ সেপ্টেম্বর কচিখালী নদীতে অবস্থান করছিল। সেখানে একটি বাঘ সাঁতরে যাওয়ার দৃশ্য তারা দেখেছেন। পরের দিন ‘এমভি ক্রাউন’ নামে পর্যটকবাহী লঞ্চ কটকা খালে অবস্থান করছিল। ওই সময়ে তারা একটি বাঘকে নদীতে সাঁতার কাটতে দেখেছেন।
সুন্দরবনের নীলকমল অভয়ারণ্য ইকো ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জুয়েল বলেন, ‘দীর্ঘদিন ধরে সুন্দরবনে সব ধরনের জেলে, বাওয়ালী, মৌয়ালী ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এতে মানুষের কোলাহল ও নৌযানের শব্দ বন্য প্রাণীদের কানে যায়নি। ফলে বন্য প্রাণীরা অবাধ বিচরণ করতে শুরু করেছে।’
তিনি জানান, অভ্যয়ারণ্য একালায় জেলে, বাওয়ালী, মৌয়ালীদের প্রবেশের অনুমতি দেয়া হয় না। তাই নীলকমলসংলগ্ন নদীর চরগুলোতে সব সময় বড় হরিণের পাল দেখা মেলে। শুধু অনুমতিসাপেক্ষে পর্যটকরা তা দেখতে পারেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বছরে আড়াই লাখ থেকে তিন লাখ পর্যটক সুন্দরবনে ভ্রমণ করেন। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ পর্যটক ভ্রমণ করেন করমজল বন্য প্রাণী ও প্রজনন কেন্দ্র।
করমজল বন্য প্রাণী ও প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবীর বলেন, পর্যটকদের জন্য নতুন করে বেশ অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ ও বন বিভাগ মিলে পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে।
বন বিভাগ জানায়, আগে সুন্দরবনে পর্যটকদের জন্য সাতটি ইকো ট্যুরিজম কেন্দ্র ছিল। এত বেশি মানুষের মাত্র সাতটি স্থানের যাতায়াতের ফলে ঝুঁকির মুখে পড়েছিল সেখানে সার্বিক পরিবেশ। পর্যটকদের ভারে বনের ক্ষয়ক্ষতি এড়ানো এবং তাদের ভ্রমণ আরও সুচারু করার জন্য পরিবেশবান্ধব পর্যটন স্পট বৃদ্ধির উদ্যোগ নেয় বন বিভাগ। ২০২০ সালে নতুন করে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের আলীবান্ধা ও চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক আর পশ্চিম সুন্দরবন বিভাগের খুলনা রেঞ্জে শেখেরটেক ও কালাবগীতে আরও চারটি পর্যটন স্পট তৈরির কাজ শুরু হয়।
নতুন নির্মাণাধীন কালাবগী ইকো ট্যুরিজমের কেন্দ্র সম্প্রতি পরিদর্শন করে দেখা গেছে, পর্যটকদের জন্য সেখানে তৈরি করা হয়েছে নৌযান থেকে ওঠানামার পন্টুন, ওয়াচ টাওয়ার, বসার জন্য গোলঘর। বনের মধ্যে কিছুটা হাঁটাহাঁটির জন্য তৈরি হচ্ছে কংক্রিটের ফুট ট্রেইল। সেখানে খাঁচায় রাখা হয়েছে হরিণ ও কুমির। তবে কালাবগীতে ইকো ট্যুরিজম কেন্দ্রে প্রায় সর্বক্ষণই অবাধ যাতায়াত করতে দেখা মেলে বন্য শুকর, বানর, গুইসাপ ও চিত্রল হরিণের। আবার কোথাও কোথাও বাঘের পায়ের ছাপ।
কালাবগী ইকো ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাকিম বলেন, ‘এ বছর মৌসুম শুরু হতেই কালাবগী কেন্দ্রে প্রচুর পর্যটক আসা শুরু করেছেন। আমরা স্টেশনের গাছগুলোতে স্থানীয় নাম ও বৈজ্ঞানিক নাম লিখে দিয়েছি। ফলে পর্যটকরা এতে সহজে গাছের পরিচিতি জানতে পারছেন। বনের বিভিন্ন প্রাণীর নামের তালিকা ও বর্ণনা নানা স্থানে টানানো থাকবে। যাতে কোনো বন্য প্রাণী পর্যটকরা দেখলে তার বাহ্যিক স্বভাব বুঝতে পারে। ফলে পর্যটকরা তাদের বিরক্ত করা থেকে বিরত থাকবেন।’
এ ছাড়া সুন্দরবনের শেখেরটেক এলাকায় ইকো ট্যুরিজম কেন্দ্রটির নির্মাণকাজ প্রায় শেষের দিকে রয়েছে। সেখানে ৪০০ বছরের পুরোনো একটি কালীমন্দির ঘিরে পর্যটন কেন্দ্র বানানো হচ্ছে। তবে এর মধ্যে পর্যটকদের যাওয়ার অনুমতি দিতে শুরু করেছে বন বিভাগ।
শেখেরটেক ইকো ট্যুরিজম কেন্দ্রটিও কালাবগী ফরেস্ট স্টেশনের আওতাধীন। ওই স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাকিম বলেন, ‘শেখেরটেক ইকো ট্যুরিজম কেন্দ্রেও অল্পসংখ্যক পর্যটকের যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে। আগামী দুই মাসের মধ্যেই হয়তো ওই নির্মাণকাজ শেষ হয়ে যাবে। তখন পুরোপুরি উন্মুক্ত করা হবে।’
খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, ‘পর্যটন কেন্দ্রগুলোতে পরিদর্শনে গিয়ে সবাই ইতিবাচক কথা বলছেন। নতুন চারটিতে সব রকমের পর্যটন সুবিধা রাখার জন্য কাজ করছি। অন্য সাতটিতেও প্রতিবছরই নানা রকমের উন্নয়ন করা হচ্ছে।’











































