ক্রীড়া ডেস্ক ||
কাতার বিশ্বকাপের পথ ধরে এবার এশিয়ান কাপেও দায়িত্ব পালন করতে যাচ্ছেন নারী রেফারি। আগামী বছর কাতারে অনুষ্ঠিতব্য পুরুষ এশিয়ান কাপ ফুটবলে প্রথমবারের মতো রেফারির দায়িত্ব পালন করবেন জাপানের ইওশিমি ইয়ামাশিতা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক বিবৃতিতে এএফসি বলেছে, ‘ইতিহাসে এই প্রথমবারের মত এশিয়ার পুরুষ ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসরে কোন নারী রেফারি ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন।’
এএফসি আরো জানিয়েছে প্রথমবারের মত পূর্ণ মাত্রায় ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) পদ্ধতি এশিয়ান কাপে শুরু হতে যাচ্ছে। এবারই প্রথম এশিয়ান কাপে ২৪টি দল অংশ নিবে। এর আগে গত মাসে এএফসি ঘোষণা দিয়েছে, আগামী বছর নারীদের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ চালু করা হবে।
এর আগে কাতার বিশ্বকাপেও ফিফা রেফারি এলিট প্যানেলের সদস্য মনোনীত হয়েছিলেন ইয়ামাশিতা। জানুয়ারি-ফেব্রুয়ারিতে আঞ্চলিক এই চ্যাম্পিয়নশিপে তার সঙ্গে আরো চারজন নারী রেফারির কাজ করার কথা রয়েছে। তবে তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি।
কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে খেলা এশিয়ান দুই পরাশক্তি জাপান ও দক্ষিণ কোরিয়া এবারের আসরে ফেবারিট হিসেবেই মাঠে নামবে।











































