Home খেলাধুলা ১৮২ হাঁকিয়ে স্টোকস জানালেন, এখন তিনি শুধুই ব্যাটার

১৮২ হাঁকিয়ে স্টোকস জানালেন, এখন তিনি শুধুই ব্যাটার

12

স্পোর্টস ডেস্ক।।

ওয়ানডে থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত পেস বোলিং অলরাউন্ডার ছিলেন বেন স্টোকস। অবসর ভেঙে ফিরেছেন শুধু ব্যাটিং করবেন এই শর্তে। পূর্বে পাঁচ ও ছয় নম্বর অর্ডারে ব্যাটিং করেছেন তিনি। এখন ক্রিজে আসবেন চার অথবা পাঁচে।

বুধবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে যেমন তিনি নেমেছিলেন চারে। ওপেনার জনি বেয়ারস্টো শূন্য ও তিনে নামা জো রুট ৪ রান করে ফেরার পর। দলের রান তখন ২ উইকেটে ১৩। সেখান থেকে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ১৯৯ রানের জুটি দিয়েছেন বেন স্টোকস। মালান ৯৬ রান করে ফিরলেও স্টোকস করেছেন ১৮২ রান।

ইংল্যান্ড নয় বল থাকতে অলআউট হলেও স্টোকসের ১২৪ বলে ১৫টি চার ও নয়টি ছক্কায় সাজানো ইনিংসে ৩৬৮ রান তোলে দল। কিউইদের তারা ১৮৭ রানে অলআউট করে তুলে নিয়েছে ১৮১ রানের বিশাল জয়। ম্যাচ শেষে স্টোকস বলেছেন, এই প্রথমবার তিনি মানসিকভাবে স্বচ্ছ ধারণা নিয়ে খেলতে নেমেছিলেন। যার ফল তার ওই ইনিংস।

তিনি বলেছেন, ‘আমার মনোযোগ থাকবে একটা বিষয়ে। প্রথমবার এই বিষয়ে পরিষ্কার ধারণা দিয়ে মাঠে নেমেছিলাম। গত ১৮ মাস আমি শুধু ব্যাটিং করবো নাকি বোলিংও করবো এই নিয়ে দ্বিধায় ছিলাম। এখন আমি জানি যে, কেবল একটা বিষয়ে মনোযোগ থাকবে আমার। এটাই দলে আমার দায়িত্ব। মাথায় ওই বিষয়টি থাকায় আমি অবদান রাখতে পেরেছি।’

চারে ব্যাটিং করা নিয়ে স্টোকস বলেছেন, ‘আমি চাইবো যেন আগেভাগে ক্রিজে যেতে না হয়। টপে অন্যরা ভালো খেলুক এটাই চাইবো। আমি ওয়ানডেতে এতো বছর পাঁচ-ছয়ে ব্যাটিং করেছি। এখন চারে খেললে আমি ব্যাটিং এপ্রোচে তেমন পরিবর্তন আনবো না। আমি সেটার দরকার আছে বলে মনে করি না।’