Home খেলাধুলা সেরা দশে ভারতের ৩ জন: সাকিবের উন্নতি লিটনের অবনতি

সেরা দশে ভারতের ৩ জন: সাকিবের উন্নতি লিটনের অবনতি

8

স্পোর্টস ডেস্ক।।
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম দেখায়ও ব্যর্থ হয়েছেন ভারতের তরুণ ওপেনার শুভমান গিল। তবে নেপাল ও পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় দেখায় হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন গিল। এশিয়া কাপে চার ম্যাচে তার সংগ্রহ ১৫৪ রান। এতেই গিলের উন্নতি হয়েছে আইসিসি’র ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে। এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠে এসেছেন তিনি। ৮৬৩ রেটিং পয়েন্ট নিয়ে তার উপরে আছেন কেবল বাবর আজম। গিলের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার। দুই ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছেন ভারতের অধিনায়ক। এদিকে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেলেও শ্রীলঙ্কার ম্যাচে ৩ রানের বেশি করতে পারেননি কোহলি। শাহীন শাহ আফ্রিদি-হারিস রউফদের বিপক্ষে পাওয়া সেঞ্চুরিতে দুই ধাপ এগিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।

দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮ নম্বরে। ২০১৮ সালের সেপ্টেম্বেরের পর এবারই প্রথম সেরা দশে ভারতের তিন ব্যাটার।

এর আগে সেরা ছয়ে ছিলেন রোহিত, কোহলি এবং শিখর ধাওয়ান। এদিকে সেরা দশে আছেন পাকিস্তানের তিন ব্যাটার। শীর্ষস্থানে বাবর, পাঁচে ইমাম উল হক এবং দশম স্থানে রয়েছেন ফখর জামান। নিজের সবশেষ ৮ ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি ও দু’টি হাফ সেঞ্চুরি করেছেন টেম্বা বাভুমা। ক’দিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন অপরাজিত ১১৪ রান। সেদিন পুরো ইনিংসে ব্যাটিং করা বাভুমা পরের দুই ম্যাচে ৪৬ এবং ৫৭ রান করেছেন। এমন পারফরম্যান্সে ২১ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন। এর আগে তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং ছিল ২৫তম স্থান। সেঞ্চুরি পাওয়া ডেভিড ওয়ার্নার এক ধাপ এগিয়ে পাঁচ থেকে চারে উঠে এসেছেন। বাংলাদেশের ব্যাটার মধ্যে সবার উপরে আছে মুশফিকুর রহীম। কোনো উন্নতি অবনতি না হওয়ায় ১৭তম স্থানেই আছেন তিনি। দুই ধাপ উন্নতি হওয়ায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আছেন ৩৪তম স্থানে। এশিয়া কাপে অনুপস্থিত তামিম ইকবাল একধাপ অবনমন হয়ে অবস্থান করছেন ৩৮তম স্থানে। এছাড়া এশিয়া কাপে দারুণ ছন্দে থাকা শান্তর অবস্থান ৮০তে।

বল হাতে দারুণ ছন্দে আছেন কুলদিপ যাদব। এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে নিয়েছেন ৯ উইকেট। এমন বোলিংয়ে পাঁচ ধাপ এগিয়ে সাত নম্বরে জায়গা করে নিয়েছেন। ৮ ধাপ এগোনো হারিস রউফ ২১ নম্বরে আছেন। জসপ্রিত বুমরাহ ৮ এবং হার্দিক পান্ডিয়া এগিয়েছেন ২১ ধাপ। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটা এখনো ধরে রেখেছেন জশ হ্যাজলউড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে গত বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান পেসার।

তাতে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় মিচেল স্টার্কের সঙ্গে ব্যবধানটা আরও বেড়েছে ৬৯২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা হ্যাজলউডের। বাংলাদেশের বোলারদের মধ্যে বোলারদের র‌্যাঙ্কিংয়ে খুব একটা উন্নতি নেই। একমাত্র উন্নতি পাওয়া বোলার তাইজুল ইসলাম নেই এশিয়া কাপের দলে। একধাপ এগিয়ে এসেছেন ৬৬ নম্বরে। পিছিয়েছেন মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও শরীফুল ইসলাম। একধাপ পিছিয়ে মোস্তাফিজ নেমেছেন ২৬ নম্বরে। মিরাজ নেমেছেন দুধাপ, বর্তমান অবস্থান ৩৫ নম্বরে। একধাপ পিছিয়ে ৭৯ নম্বরে শরীফুল। টাইগার বোলারদের শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। ৬১০ পয়েন্ট নিয়ে অপরিবর্তিত রয়েছেন ১৩ নম্বরে। শীর্ষ একশ’তে থাকা তাসকিন আহমেদও রয়েছেন অপরিবর্তিত। ৫১৮ রেটিং পয়েন্ট নিয়ে রিচার্ড নাগারাভার সঙ্গে যৌথভাবে রয়েছেন ৩৭ নম্বরে।