Home আঞ্চলিক প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলাকারী আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬

প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলাকারী আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬

26

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রধানমন্ত্রীর প্রাণনাশের উদ্দেশ্যে গাড়ীবহরে হামলাকারী ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন (৪৩) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার (৩ সেপ্টেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আলাউদ্দিন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের মৃত. মোকছেদ আলীর ছেলে।
র্যাব-৬ জানায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় পৌছালে কতিপয় সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়। এই হামলার ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে পৃথক ৩টি মামলা রুজু হয়। মামলাগুলোর বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় চলতি বছরের ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিচারক আলাউদ্দিনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। আসামী আলাউদ্দিনকে তিনটি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে সর্বমোট ১৬ বছরের সাজা প্রদান করা হয়। আসামী আলাউদ্দিন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল।
এরই ধারাবাহিকতায় রবিবার ভোরে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।