Home জাতীয় আলম-ফারজানা দম্পতির বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে স্থিতাবস্থা

আলম-ফারজানা দম্পতির বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে স্থিতাবস্থা

86

ঢাকা অফিস।।
এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগের অভিযোগ অনুসন্ধানে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) দিয়েছেন চেম্বার আদালত। একই সঙ্গে বিষয়টি ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এস আলমের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদেশের ফলে এস আলম গ্রুপের বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরের অভিযোগের সত্যতা অনুসন্ধানের কার্যক্রম ২০২৪ সালের ৮ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

আদালতে এস আলম গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, আইনজীবী আহসানুল করিম ও সাঈদ আহমেদ রাজা। আর দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, এস আলম গ্রুপ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের অভিযোগ অনুসন্ধান সম্পর্কিত বিষয়ে সব পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন চেম্বার আদালত। ফলে এস আলম গ্রুপ সম্পর্কিত বিষয়ে বিভিন্ন সংস্থাকে অনুসন্ধান করতে যে আদেশ দেওয়া হয়েছিল, তা স্থগিত থাকবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ‘এস আলম’স আলাদিন’স ল্যাম্প’ (এস আলমের আলাদিনের চেরাগ) শিরোনামে সংবাদমাধ্যমে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি নজরে আনার পর শুনানি নিয়ে ৬ আগস্ট হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ অনুসন্ধানের আদেশ দেন।