Home Uncategorized ডেঙ্গুতে দেশে প্রথমবার মৃত্যু ৫০০ ছাড়াল

ডেঙ্গুতে দেশে প্রথমবার মৃত্যু ৫০০ ছাড়াল

108

ঢাকা অফিস।।

দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫শ ছাড়িয়েছে। দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখার পর এক বছরের মধ্যে এত মৃত্যু আগে কখনো দেখা যায়নি। সংশ্লিষ্টদের ধারণা ছিল এবার আগের তুলনায় দাপট বাড়বে, তবে এতটা ভয়াবহ হবে তা কল্পনাতীত। সময় যত যাচ্ছে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হচ্ছে। এদিকে সংক্রমণ না কমার পেছনে আবারও মশা নিধনে ব্যর্থতাকে দায়ী করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

এদিকে কী কারণে এবার মৃত্যু বেশি তা জানতে এখনো ডেথ রিভিউ শুরু করেনি সরকারের সংশ্লিষ্ট বিভাগ। সমন্বিত উদ্যোগ না হলে সংক্রমণের পাশাপাশি মৃত্যু আরও বাড়বে বলে আশঙ্কা কীটতত্ত্ববিদদের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৬ হাজার ৪২৯ জনে দাঁড়িয়েছে, যা দেশের ইতিহাসে এক বছরের মধ্যে সবচেয়ে বেশি।

মোট আক্রান্ত রোগীর প্রায় অর্ধেকই ঢাকা মহানগরীর বাসিন্দা। যদিও সাম্প্রতিক সময়ে আক্রান্তের হার ঢাকার বাইরের জেলাগুলোতে বেশি। বছরের প্রথমে জানুয়ারিতে প্রায় ৬শ রোগী শনাক্ত হওয়ার পরের তিন মাস কিছুটা স্থিতিশীল থাকলেও মে মাস থেকে পুরনো রূপে ফিরতে শুরু করে ডেঙ্গু। ওই মাসে সহস্রাধিক আক্রান্ত হয়। এরপর জুন-জুলাই ও চলতি আগস্টে সবচেয়ে বেশি ডেঙ্গু। চলতি মাসের ২৩ দিনেই প্রায় ৫৫ হাজার রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে ছয়জনের মৃত্যু দিয়ে বছর শুরু হলেও আট মাস পূর্ণ হওয়ার আগেই মৃতের সংখ্যা ৫০৬ জনে পৌঁছেছে। এত কম সময়ে এত মৃত্যু এটাই প্রথম। এর মধ্যে ৩৭৪ জনই রাজধানীর বাসিন্দা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মশা না কমলে রোগী কমবে না। মশা যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার, সেভাবে হচ্ছে না বলেই ডেঙ্গুর সংক্রমণ কমছে না। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এবারের ডেঙ্গুতে আক্রান্তদের ৭৫ ভাগই ডেঙ্গুর ডেন-২ দ্বারা সংক্রমিত বলে জানিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রেফারেল সেন্টার। গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, প্রতিদিন ১০০ থেকে ১৫০টি নমুনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ২শ নমুনা পরীক্ষা করে ১৫১টিতে ডেন-২ পাওয়া গেছে, যা ৭৫.৫%। এ ছাড়া ডেন-৩ মিলেছে ১৮ শতাংশের নমুনায় এবং ৬ শতাংশ নমুনায় শনাক্ত হয়েছে সেরোটাইপ-২ ও ৩।

এদিকে আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর দুই সিটি করপোরেশনের সব ওয়ার্ডে দ্বিতীয় দফায় শুরু হচ্ছে মুনসুন জরিপ। এডিস মশার সিজন শুরু হলে ঘনত্ব জানতে প্রতিবছর তিনটি সার্ভে (প্রি-মুনসুন, মুনসুন এবং আফটার মুনসুন) করে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে জুনের শুরুতে প্রথম সার্ভে হয়েছিল। সে সময়ে ঢাকার দুই সিটি করপোরেশেনের ৫৫টি ওয়ার্ডকে ডেঙ্গুর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। বাস্তবেও হয়েছে তাই। এবার ঢাকার অধিকাংশ রোগী ওই সব এলাকার।

ডিএনসিসির পরামর্শক ও কীটতত্ত্ববিদ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, এই মুহূর্তে ডেঙ্গুর ‘সংক্রমণ সময়’ চলছে, যা চলতি মাসের শেষ পর্যন্ত থাকবে। তবে টানা বৃষ্টি ও অধিকাংশ মানুষ এডিসের বিভিন্ন সেরোটাইপে আক্রান্ত হওয়ায় রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। ফলে আগামী মাসে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমতে পারে।