Home Uncategorized ঢাকার বাইরেও মশা মারার উদ্যোগ নেই

ঢাকার বাইরেও মশা মারার উদ্যোগ নেই

28

 

ঢাকা অফিস।।

দেশে ডেঙ্গু ইতিহাসে হাসপাতালে ভর্তি হওয়া সর্বোচ্চ রোগীর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হচ্ছে প্রতিনিয়তই। রেকর্ড হয়েছে মৃত্যুর বেলায়ও। সঙ্গে এই প্রথম মোট রোগী ঢাকা মহানগরীর চেয়ে বাইরে বেশি।

বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, ডেঙ্গুর বাহক এডিস মশা এখন আর শহরের মশা নয়, ডেঙ্গুও নয় আর ‘এলিট’ অসুখ। অর্থাৎ ঢাকা শহরেই সীমাবদ্ধ নেই। এডিস ছড়িয়েছে দেশজুড়ে, যার কারণে পুরো দেশে এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব।

জলবায়ু পরিবর্তন, নগরায়ণসহ বিভিন্ন কারণে এখন এডিস মশার বিস্তার বেড়েছে শহর ছাড়িয়ে গ্রামেও- জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাইরে মশা নিয়ন্ত্রণে সরকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো কার্যকর উদ্যোগ নেই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরেও নেই সমন্বিত পদক্ষেপ। যার কারণে এভাবে ঢাকার বাইরে রোগী বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ২ আগস্ট জানায়, ঢাকার বাইরে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে মূলত ঢাকার বাইরের হাসপাতালে রোগী বাড়তে শুরু করেছে। ৬ আগস্ট থেকে সেটা ধারাবাহিকভাবে বাড়ছে। গত ৬ আগস্টে অধিদপ্তর জানায়, হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৭৬৪ জনের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮ জন আর ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৮৬ জন। এরপর থেকে ঢাকা মহানগরের বাইরের হাসপাতালেই রোগী ভর্তির সংখ্যা বেশি।

তবে মোট রোগী সংখ্যায় গত ১৩ আগস্ট পর্যন্ত ঢাকা মহানগরেই রোগী সংখ্যা বেশি ছিল। কিন্তু ১৪ আগস্ট অধিদপ্তর জানায়, মোট রোগী সংখ্যায় ঢাকা মহানগরের চেয়ে বাইরে রোগী বেশি। সেদিন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা ছিল ৮৭ হাজার ৮৯১ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি ছিল ৪৩ হাজার ৬৬৫ জন আর ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে ভর্তি হয় ৪৪ হাজার ২২৬ জন। এরপর থেকে এভাবেই চলছে দেশের ডেঙ্গু পরিস্থিতি।

স্বাস্থ্য অধিদপ্তর গতকাল মঙ্গলবার জানিয়েছে, আগের দিনের সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ১৬৮ জন। আর এ সময়ে মৃত্যু হয়েছে আরও আটজনের। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৮৪২ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৬ জন।

মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়াদের নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হলেন ১ লাখ ৪ হাজার ৩৫৯ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি হন ৫০ হাজার ১৭০ জন আর ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে ৫৪ হাজার ১৮৯ জন। অর্থাৎ চলতি বছরের মোট রোগীর মধ্যে ঢাকার চেয়ে ঢাকার বাইরের রোগী সংখ্যা ৪ হাজারেরও বেশি।

ঢাকার বাইরে ডেঙ্গু বেশি, যা বললেন বিশেষজ্ঞরা
মহামারি বিশেষজ্ঞ ও সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, ‘বাংলাদেশে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব হয়েছিল, অগণিত মানুষ মারা গেছে। পরে সরকার ও জনগণ ম্যালেরিয়া মোকাবিলায় খুব আন্তরিক হয় রোগ প্রতিরোধ ও ভেক্টর বা মশা নিয়ন্ত্রণে। এরপর সেখানে সফলতা আসে।

তিনি বলেন, ডায়রিয়া, কলেরা, ফাইলেরিয়ার মতো অসুখের বেলায় সমন্বিত পদক্ষেপের কারণে সফল হওয়া গেলে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কেন পদক্ষেপ নেয়া হচ্ছে না? সমন্বিত পদক্ষেপ নেয়া গেলে আমরা কেন বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব না?’

এ ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে শুরু করে শহর থেকে গ্রাম- সবাইকে একীভূত করে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়ে ডা. মুশতাক হোসেন বলেন, ‘সরকারের সমন্বিত পদক্ষেপ কমপক্ষে পাঁচ বছর চালাতে হবে, যাতে আমরা ডেঙ্গু থেকে মুক্ত হতে পারি। কিন্তু মশন নিধনের কোনো সমন্বিত উদ্যোগ নেই, আমরা অন্তত দেখতে পাচ্ছি না।

স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজরি কমিটির সদস্য অধ্যাপক ডা. আবু জামিল ফয়সাল গতকালের (২২ আগস্ট) নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, তিনি মঙ্গলবার মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে গিয়েছিলেন স্বাস্থ্য অধিকার ফোরাম আয়োজিত ডেঙ্গু নিয়ে একটা অনুষ্ঠানে। সেখানে সংশ্লিষ্ট সবাই উপস্থিত থাকলেও পৌরসভার কেউ উপস্থিত ছিলেন না। তিনি বলেন, এ হাসপাতালে এদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯০ রোগী ভর্তি ছিলেন। ঢাকার বাইরের একটা হাসপাতালে এত রোগী ভর্তি থাকা কিন্তু সহজ কথা নয়। অধ্যাপক আবু জামিল ফয়সাল বলেন, এ নিয়ে সেখানে কথা হয়। সেখানে চিকিৎসকরা জানান, অনেকেই ঢাকা থেকে আক্রান্ত হয়ে গ্রামে ফিরে সেখানকার হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু এর পাশাপাশি মশক নিয়ন্ত্রণের দায়িত্বে যারা রয়েছেন, তাদের কার্যকর পদক্ষেপ সম্পর্কে জানানোর জন্য কেউই উপস্থিত ছিলেন না।

তিনি বলেন, মশা এখন চর্তুদিকে ছড়াচ্ছে। যেখানে তার বংশ বিস্তারের উপযোগী পরিবেশ পাচ্ছে, সেখানেই এডিসের বংশ বিস্তার হচ্ছে। এখন সবচাইতে জরুরি মশার ‘ব্রিডিং প্লেস’ চিহ্নিত করা, কিন্তু সেটা হচ্ছে কি না প্রশ্ন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের।

ডেঙ্গু চলতি বছরে কোথায় যাবে সেটা বলা খুব কঠিন মন্তব্য করে আবু জামিল ফয়সাল বলেন, মশার ব্রিডিং স্পটগুলো ট্র্যাক ডাউন করতে হবে। কিন্তু বিভাগীয় শহরগুলোতে সিটি করপোরেশন এবং এর বাইরের এলাকায় সংশ্লিষ্টদের কার্যক্রম সমন্বিতভাবে হচ্ছে না, সমন্বয় সাধন করা খুব মুশকিলের কাজ দেশে।

‘সমন্বয়টা আমাদের বড়ই অভাব, যেটা আমরা করোনার সময়েও দেখেছি। কিন্তু সেখান থেকে এখনো আমরা শিক্ষা নিলাম না, এটাই দুঃখ।’ সেই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরেও সমন্বয় নেই, বলেন আবু জামিল ফয়সাল।

সরকারের পক্ষে রোগ নিয়ে গবেষণা করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, ‘এত দিন পর্যন্ত ঢাকার বাইরে এডিসের ব্রুটো ইনডেক্স কত-সে নিয়ে গবেষণা আমরা করতে পারিনি, তবে রোগীর সংখ্যা বেশি হওয়ায় সেটি আগামী কয়েক দিনের মধ্যে করা হবে।’

আর রোগী বাড়ার কারণ হিসেবে তিনি মানুষের চলাচল, নির্মাণাধীন ভবনের কথা বলেন। এডিসের জন্য অনেক বেশি পানির দরকার নেই জানিয়ে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একটি বোতলের ছিপি সমান জমে থাকা পানিই এডিসের বংশ বিস্তারের জন্য যথেষ্ট। আর তার জন্যই এভাবে এ বছর রোগীর সংখ্যা বেড়েছে, ছাড়িয়ে গেছে আগের রেকর্ড।

তবে মশা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কি না প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ নিয়ে আমি কিছু বলব না।’ পরে তিনি বলেন, ‘মশাটা যদি নিয়ন্ত্রণ করা যেত, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহজ হতো, এত মানুষ আক্রান্ত হতো না, এত মানুষের মৃত্যু হতো না।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি আগস্ট মাসেই এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৫২৭ জন। অর্থাৎ বছরের মোট রোগীর অর্ধেকই ভর্তি হয়েছেন চলতি মাসের প্রথম ২২ দিনে। আর এ সময়ে মৃত্যু হয়েছে ২৪২ জনের।

অধিদপ্তর জানাচ্ছে, ঢাকা মহানগরে এখন পর্যন্ত রোগী ভর্তি হয়েছে ৫০ হাজার ১৭০ জন। ঢাকা মহানগর ছাড়া এ বিভাগের জেলাগুলোর হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৯৩২ জন। ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ১ জন, চট্টগ্রাম বিভাগে (রোহিঙ্গা জনগোষ্ঠী ছাড়া) ১৪ হাজার ৪৬৭ জন, খুলনা বিভাগে ৪ হাজার ৯১৩ জন, রাজশাহী বিভাগে ৩ হাজার ৩০৫ জন, রংপুর বিভাগে ২ হাজার ১৩১ জন, বরিশাল বিভাগে ১১ হাজার ৬৩০ জন আর সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১০ জন।

দেশে ডেঙ্গুর প্রকোপ প্রথম নজরে আসে ২০০০ সালে। এরপর সবচেয়ে ডেঙ্গু বেশি রোগী শনাক্ত হয় ২০১৯ সালে, কিন্তু গত সোমবার সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়। ২০১৯ সালে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন এবং মৃত্যু হয় ১৭৯ জনের।