ক্রীড়া প্রতিবেদক।।
গত মাসে শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন সাইফ হাসান। সামনে আরেকটি এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াই আগামী ৩০ আগস্ট শুরু হবে। আসরের আয়োজক পাকিস্তান ও শ্রীলংকা। আসন্ন এশিয়া কাপ সামনে রেখে মিরপুরে অনুশীলন সেশন করছে বাংলাদেশ দল। গত ৩১ জুলাই থেকে ৩২ খেলোয়াড়কে নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছিল। সেখানে ছিলেন সাইফও। এশিয়া কাপের জন্য ১২ আগস্ট ১৭ জনের দল ঘোষণা করে বিসিবি। সে দলে জায়গা হয়নি ২৪ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যানের। তবে এশিয়া কাপের জন্য বিকল্প ক্রিকেটার প্রস্তুত রাখতে তাদের আলাদা অনুশীলনের ব্যবস্থা করেছে বিসিবি। কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে গত রবিবার কয়েকজন ক্রিকেটারকে নিয়ে শুরু হওয়া অনুশীলন সেশনে নিজেদের শানিয়ে নিচ্ছেন সাইফ, তাইজুল, সৌম্য, তানজীম সাকিব, জাকির, মোসাদ্দেকরা। তবে ইমার্জিং টিমসের হয়ে শ্রীলংকায় এশিয়া কাপ খেলার অভিজ্ঞতা জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করেছেন সাইফ। ৩১ আগস্ট এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল মুখোমুখি হবে শ্রীলংকার। ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গতকাল সংবাদ মাধ্যমকে সাইফ বলেন, ‘আমার মনে হয়, ওখানে (শ্রীলংকা) কন্ডিশন কিছুটা আমাদের দেশের মতো। শেষবার যখন খেললাম, উইকেট কিছুটা টার্নিং ছিল। সাধারণত ব্যাটিং সহায়ক থাকে। আমার মনে হয়, এমনিতে কন্ডিশন একই রকম থাকে। যদি আমরা দ্রুত মানিয়ে নিতে পারি, ভালো কিছু হবে।’ শ্রীলংকার উইকেটে রান হবে বলেই মনে করছেন সাইফ। তিনি বলেন, ‘এরকমই হবে, ৩০০+ রানের উইকেট। আমার মনে হয়, ওভাবেই প্রস্তুত হওয়া উচিত। ৩০০+ রান তাড়ার সামর্থ্য থাকা উচিত আমাদের।’
শুরুতে সবাই একসঙ্গে অনুশীলন করেছিলেন। তবে দল ঘোষণার পর আলাদা হয়ে গেছেন। এশিয়া কাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে থাকা সাইফ মনে করেন, বিকল্প প্রস্তুত রাখার পরিকল্পনা থেকেই তাদের এ অনুশীলন। তিনি বলেন, ‘আমরা স্ট্যান্ডবাই যারা আছি এবং যারা বিশ্বকাপের পরিকল্পনায় আছে, তাদের জন্য আলাদা অনুশীলন। যেন পরবর্তী সময়ে সুযোগ পেলে সবাই প্রস্তুত থাকে।আমার মনে হয়, অনুশীলনের ইন্টেন্সিটি যেন জাতীয় দলের সঙ্গে মিল থাকে (সেই বার্তা দেওয়া)। আর যার যার যে ঘাটতি আছে, সেগুলো উন্নতি করা।’
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চীনের হাংঝুতে শুরু হবে এশিয়ান গেমস। ক্রিকেট ইভেন্টে এবার স্বর্ণপদক জয়ের আশা বাংলাদেশের। জানা গেছে, সাইফ হাসানকে অধিনায়ক করা হতে পারে। সাইফ অবশ্য এ বিষয়ে কিছু জানেন না বলেই জানিয়েছেন। তিনি বলেন, ‘যদি সুযোগ পাই, অবশ্যই ভালো করার চেষ্টা করব। অধিনায়কত্ব নিয়ে এখনো কোনো তথ্য আমি পাইনি।’
জাতীয় দলের হয়ে ছয়টি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাইফ। এখনো ওয়ানডেতে অভিষেক হয়নি তার। সাইফ জানান, তিনি নিজেকে কখনই টেস্ট ক্রিকেটার হিসেবে চিন্তা করেননি। বরং সব সময়ই তিন সংস্করণের ক্রিকেটার হিসেবেই চিন্তা করেছেন।











































