Home আঞ্চলিক তারিম দম্পতির অ্যাকাউন্টে ২৫ কোটি টাকা লেনদেন: মেডিকেল ভর্তির প্রশ্ন ফাঁস

তারিম দম্পতির অ্যাকাউন্টে ২৫ কোটি টাকা লেনদেন: মেডিকেল ভর্তির প্রশ্ন ফাঁস

20

খুলনাঞ্চল রিপোর্ট।।

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত আরও পাঁচ চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের মধ্যে চক্রের অন্যতম সদস্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ডা. ইউনুচ উজ্জামান খান তারিমও রয়েছেন। ডা. তারিম এবং তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে প্রায় ২৫ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এ ছাড়া এই দম্পতির রয়েছে হাসপাতাল, একাধিক ফ্ল্যাট, জমি, মাছের ঘের, হোটেল শেয়ারসহ বিপুল সম্পদ। একাধিক গোয়েন্দা প্রতিবেদনে এর আগেও ডা. তারিমের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে।

গ্রেপ্তার অপর চার চিকিৎসক হলেন– লুইস সৌরভ সরকার, মুসতাহিন হাসান লামিয়া, শর্মিষ্ঠা মণ্ডল ও নাজিয়া মেহজাবিন তিশা। খুলনার বিভিন্ন স্থান থেকে ডা. তারিমসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেবিট ও ক্রেডিট কার্ড জব্দ করা হয়েছে। সিআইডি গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানালেও ডা. তারিম ছাড়া অন্যদের স্বজনের অভিযোগ, গত ১৮ আগস্ট দিনে ও রাতে তাদের তুলে নেওয়া হয়। তবে সিআইডির দাবি, ১৯ আগস্ট রাত থেকে পরদিন ভোর পর্যন্ত চলে গ্রেপ্তার অভিযান।

সিআইডি জানায়, গত ১৩ আগস্ট মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত সাত চিকিৎসকসহ চক্রের ১২ জনকে গ্রেপ্তার করে তাদের সাইবার টিম। তাদের মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তারদের কাছ থেকে শিক্ষার্থীদের অভিভাবকদের দেওয়া বিপুলসংখ্যক চেক ও পরীক্ষার প্রবেশপত্র উদ্ধার করা হয়। এ ছাড়া চক্রের হোতা জসীম উদ্দিন ভূঁইয়ার কাছ থেকে একটি গোপন ডায়েরি উদ্ধার করা হয়েছে। সেটিতে সারাদেশে ছড়িয়ে থাকা তাঁর চক্রের সদস্যদের নাম পাওয়া যায়। সেসব তথ্য-উপাত্ত অনুসন্ধানের ধারাবাহিকতায় এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডি জানায়, ৪০ বছর বয়সী ডা. তারিম খুলনা শহরের আলোচিত মেডিকেল ভর্তি কোচিং সেন্টার থ্রি ডক্টরসের মালিক। তিনি নিজেকে চিকিৎসক তৈরির কারিগর হিসেবে পরিচয় দেন। তিনি প্রশ্ন ফাঁসের মাধ্যমে অবৈধভাবে শত শত শিক্ষার্থীকে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়েছেন। তাঁর সহযোগী লুইস সৌরভ খুমেকের প্রাক্তন শিক্ষার্থী। তিনি থ্রি ডক্টরস কোচিং সেন্টারের শিক্ষক। লুইস বর্তমানে একটি এনজিওতে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। চক্রের অপর সদস্য মুসতাহিন হাসান লামিয়া থ্রি ডক্টরসের বিশেষ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া তাঁকে বাসায়ও পড়াতেন ডা. তারিম। কম মেধাবী হওয়ার পরও তারিমের কাছ থেকে প্রশ্ন পেয়ে লামিয়া ২০১৫-১৬ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেন। তারিমের ঘনিষ্ঠজন ও কোচিংয়ের তৎকালীন তিনজন শিক্ষক লামিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

জানা গেছে, জাতীয় মেধা তালিকায় ১১তম হওয়ার পরও লামিয়া মেডিকেলের চারটি চূড়ান্ত পেশাদারি পরীক্ষায় সব বিষয়ে ফেল করেছেন। পরে একাধিকবারের চেষ্টায় তিনি পাস করেন। প্রশ্ন পেয়ে লামিয়ার মেডিকেলে ভর্তির বিষয়টি খুলনার চিকিৎসক মহলে ‘ওপেন সিক্রেট’। লামিয়ার ভর্তির জন্য তাঁর স্বামী শেখ ওসমান গনি প্রায় ১৫ লাখ টাকা ডা. তারিমকে দেন। শর্মিষ্ঠা মণ্ডল ও নাজিয়া মেহজাবিন তিশাও থ্রি ডক্টরস থেকে অর্থের বিনিময়ে ফাঁস করা প্রশ্ন কিনে ২০১৫-১৬ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস করেন। পরে তারা খুমেকে ভর্তি হন। তারিমসহ তাদের পাঁচজনকে মিরপুর থানায় ২০২০ সালের ২০ জুলাই দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন ও পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে হাজির করা হয়েছে।

এর আগে গতকাল দুপুরের দিকে খুলনার বিএমএ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে চার চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ করেন তাদের স্বজনরা। তারা অভিযোগ করেন, ১৮ আগস্ট সকাল ৯টা থেকে রাত ২টার মধ্যে চারজনকে বাড়ি থেকে তুলে নিয়ে যান সিআইডি সদস্যরা। অভিযানের সময় সিআইডি বাসার মালপত্র তছনছ করে। আটকের কারণ জানতে চাইলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তারা কোনো গ্রেপ্তারি পরোয়ানাও দেখাতে পারেননি।

এক প্রশ্নের জবাবে অভিভাবকরা জানান, তাদের সন্তানরা ডা. তারিমের কোচিংয়ে পড়েছে। নিজ নিজ মেধা ও যোগ্যতায় তারা চিকিৎসক হয়েছে। মেডিকেল কলেজে ভর্তির প্রশ্ন ফাঁস নিয়ে যা বলা হচ্ছে, তা ঠিক নয়। অবশ্য সিআইডির দায়িত্বশীলরা বলছেন, গ্রেপ্তারের সময় নিয়ে তাদের দাবি সঠিক নয়। আর মামলা ঢাকায় হওয়ায় গ্রেপ্তারের পর তাদের রাজধানীতে আনতেও সময় লেগেছে।