Home খেলাধুলা এশিয়া কাপের আগে অগ্নিপরীক্ষা দিলেন নাঈম

এশিয়া কাপের আগে অগ্নিপরীক্ষা দিলেন নাঈম

43

স্পোর্টস ডেস্ক।।

এশিয়াকাপে বাংলাদেশ স্কোয়াডে জায়াগা পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেই তিনি এই সুযোগ পেয়েছেন। আসরটির আগে নিজেকে বিশেষ এক উপায়ে তৈরি করছেন এই বাঁহাতি ওপেনার।

টাইগার দলে নিজেকে প্রমাণে ব্যর্থ নাঈম এবার মাইন্ড ট্রেনার সাবিত রায়হানের শরণাপন্ন হয়েছেন। গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি ভিডিও আপলোড করেছেন নাঈম। যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে, ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন তিনি। তার সামনে আগুনের পাটি বিছানো। পাশে থেকে তাকে পরামর্শ দিচ্ছেন সাবিত। সাবিতের পরামর্শই নাঈমকে সাহস জুগিয়েছে আগুনের ওপর দিয়ে হাঁটার।

 

এশিয়া কাপে ভালো কিছু করবেন—এমনটা চিন্তা করেই হয়তো বেশ অবলীলায় আগুনের ওপর দিয়ে হাঁটলেন বাংলাদেশের নাঈম। এমন কাজের জন্য তিনি বাহবাও পেয়েছেন। ভিডিওতে ক্যাপশন দিয়েছেন, ‘তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহানের থেকে অনুপ্রাণিত। সাবিত ইন্টারন্যাশনালকে ধন্যবাদ।’

এর আগে সাবিতের শরণাপন্ন হয়েছিলেন তাসকিন ও সোহান। ২০১৮-এর পর ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েছেন সোহান। ২০২১, ২০২২ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি তিনি।

অন্যদিকে তাসকিন বেশ দারুণ ছন্দে আছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর ১৬ ম্যাচে নিয়েছেন ৩২ উইকেট। জিম আফ্রো টি-টেনে বুলাওয়ে ব্রেভসের হয়ে ৭.৮৫ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট।

নাঈম চার ওয়ানডে খেলে করেছেন ১০ রান, যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে গত মাসে দুই ওয়ানডে খেলে এক ম্যাচে ৯ রান করেছেন এবং অন্য ম্যাচে ডাক মেরেছেন।