স্পোর্টস ডেস্ক।।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্ট উপলক্ষে সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আজ মিরপুরে শনিবার সকালে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই স্কোয়াড ঘোষণা করেন।
তবে এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের। তার বাদ পড়া নিয়ে একেকজন করছেন একেক মন্তব্য। দল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রহস্যময় এক স্ট্যাটাস দেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টির ছোটবোন ও ক্রিকেটার মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি।
স্ট্যাটাসে মন্ডি লেখেন, ‘অবিচার করা এখন নতুন একটা ট্রেন্ড।’ স্ট্যাটাসে তিনি কারো কথা উল্লেখ না করলেও মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গেই যে তিনি একথা লিখেছেন সেটি ক্রিকেট ভক্ত-সমর্থকদের কাছে একপ্রকার স্পষ্ট।
সবশেষ চলতি বছর মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বিশ্রামের নামে বাদ দেওয়া হয়েছিল মাহমুদউল্লাহকে। জায়গা পাননি আফগানিস্তান সিরিজেও। তবে ক্যাম্পে ডাক পেয়ে ও ফিটনেস পরীক্ষায় ভালো করে দলে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিলেন মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহ কেন দলে সুযোগ পেলেন না, এই প্রশ্নে প্রধান নির্বাচক আজ সকালে বলেন,‘আমাদের টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেল সবার সাথে দীর্ঘ আলোচনা করেই এই দল ঘোষণা করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। এরপর টিম ম্যানেজমেন্ট আমাদের কাছে একটা প্ল্যান দেয়। সামনে তারা কী পরিকল্পনা নিয়ে এগোতে চায় সেটা জানায়। সেই পরিকল্পনাতে রিয়াদের নাম ছিল না। যার ফলে তাকে দলে রাখা হয়নি। আমাদের কাছে মনে হয়েছে ম্যানেজমেন্টের এই পরিকল্পনা সঠিক। অধিনায়ক সাকিব এবং প্রধান কোচ হাথুরুসিংহের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’










































