Home খেলাধুলা সব নাটকের অবসান, কেইন এখন বায়ার্নের

সব নাটকের অবসান, কেইন এখন বায়ার্নের

138

স্পোর্টস ডেস্ক।।

হ্যারি কেইনকে ঘিরে ইংলিশ ক্লাব টটেনহ্যাম ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের মধ্যে বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল দরকষাকষি। বায়ার্নের একের পর এক দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলেন টটেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। গণমাধ্যমের খবর অনুযায়ী, পরে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাবে রাজি হয় টটেনহ্যাম। আনুষ্ঠানিকভাবে বায়ার্নে যোগও দিয়েছেন কেইন।

বায়ার্নের প্রস্তাবে টটেনহ্যাম রাজি হওয়ার পর গতকাল শুক্রবার মেডিকেল সারতে মিউনিখে যান কেইন। শনিবার চার বছরের চুক্তিতে কেইনকে দলে ভেড়ানোর খবর ক্লাবের ওয়েবসাইটে জানায় বায়ার্ন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেইনকে ১০০ মিলিয়ন (১০ কোটি) ইউরোর বেশি দিয়ে দলে ভিড়িয়েছে বায়ার্ন। সেটি হলে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় তিনিই। এর আগে ফরাসি ডিফেন্ডার লুকা এর্নান্দেজকে কিনতে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৮০ মিলিয়ন ইউরো দিতে হয়েছিল বায়ার্নকে।

গত ২০২০-২১ মৌসুমে বায়ার্ন ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন রবার্তো লেভানদভস্কি। এরপর থেকেই একজন স্ট্রাইকারের অভাবে ভুগছিল জার্মান জায়ান্টরা। পোলিশ তারকা লেভানদভস্কিকে ছাড়াই ১১তম লিগ শিরোপা জিতলেও শেষ ম্যাচ পর্যন্ত যেতে হয়েছে চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ার জন্য। তাছাড়া চ্যাম্পিয়নস লিগেও নিজেদের শক্তি বাড়াতে চায় দলটি। কেইন দলে ভেড়ায় সেই অভাবটি ভালোভাবেই পূরণ হবে বাভারিয়ানদের।

টটেনহ্যামের হয়ে বয়সভিত্তিক দলে খেলে ২০১১ সালে মূল দলে অভিষেক হয় কেইনের। ৪৩৫ ম্যাচে ২৮০ গোল করে ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। প্রিমিয়ার লিগেও ৩২০ ম্যাচে ২১৩ গোল করে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে।