স্পোর্টস ডেস্ক
কলম্বো টেস্টে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্ডোকে মাথা দিয়ে আঘাত করার ঘটনায় শাস্তি পেয়েছেন ভারতের ওপেনার জশস্বী জয়সোয়াল। তবে শাস্তির মাত্রা নিয়েই উঠেছে প্রশ্ন। মাঠের এমন আচরণের জন্য যেখানে বড় ধরনের নিষেধাজ্ঞার বিধান রয়েছে, সেখানে তার শাস্তি সীমাবদ্ধ থাকল ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও এক ডিমেরিট পয়েন্টে। একই শাস্তি পেয়েছেন ফার্নান্ডোও। তার ম্যাচ ফিরও ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। অর্থাৎ, দুজনকেই আইসিসির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।
তবে জয়সোয়ালের অপরাধের ধরন দেখে শাস্তি নিয়ে প্রশ্ন উঠছেই। কারণ, ভারতীয় এই ওপেনার সরাসরি মাথা দিয়ে ফার্নান্ডোকে আঘাত করেছিলেন। ক্রিকেটে শারীরিক সংঘাতের ঘটনা সাধারণত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। আইসিসির আচরণবিধিতে ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষকে শারীরিকভাবে আঘাত করার মতো ঘটনায় কঠোর শাস্তির বিধানও রয়েছে।
তবে ম্যাচ রেফারির মূল্যায়নে ঘটনাটি অনিচ্ছাকৃত শারীরিক সংঘর্ষ হিসেবে বিবেচিত হওয়ায় জয়সোয়ালকে লেভেল-১ অপরাধের আওতায় শাস্তি দেওয়া হয়েছে। ফলে বড় কোনো নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়নি তাকে।
ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ১৭তম ওভারে। জশস্বী জয়সোয়ালকে বোল্ড করে উচ্ছ্বাসে মেতে ওঠেন ফার্নান্ডো ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সেই সময় ফার্নান্ডোর কোনো মন্তব্য বা আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন যশস্বী। সাজঘরের দিকে যাওয়ার পথে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কার পেসারের দিকে এগিয়ে যান তিনি। একপর্যায়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় জয়সোয়াল মাথা দিয়ে ফার্নান্ডোকে আঘাত করেন।
পরে সতীর্থরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে জয়সোয়ালের পাশে দাঁড়িয়েছিলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও। তার দাবি, ফার্নান্ডোর কোনো কথার কারণেই মুহূর্তের উত্তেজনায় এমন ঘটনা ঘটেছে।
জয়সোয়াল নিজেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় জানান, ফার্নান্ডো কী বলেছিলেন, সেটি না জেনে ঘটনাটি নিয়ে মন্তব্য করা ঠিক নয়। তার ভাষ্য থেকেই বোঝা যায়, শ্রীলঙ্কার পেসারের কোনো কথাতেই তিনি উত্তেজিত হয়েছিলেন।
তবে শাস্তির মাত্রা নিয়েই এখন আলোচনা বেশি। বিশেষ করে আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহ দায়িত্ব নেওয়ার পর ভারতের ক্রিকেটারদের শাস্তির ক্ষেত্রে কোনো বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ। একই ধরনের ঘটনায় অন্য কোনো দেশের ক্রিকেটার জড়ালে শাস্তিটা কি এতটাই হালকা থাকত?










































