Home খেলাধুলা ম্যাকাইয়ের পিচকে ‘খুব ভালো’ রেটিং ম্যাচ রেফারির

ম্যাকাইয়ের পিচকে ‘খুব ভালো’ রেটিং ম্যাচ রেফারির

2



স্পোর্টস ডেস্ক

ম্যাকাই টেস্ট মাত্র দুই দিনেই শেষ হয়েছে। ১২৫ ওভারে পড়েছে ৩০ উইকেট। বাংলাদেশ দুই ইনিংসে অলআউট হয়েছে যথাক্রমে ৬৪ ও ৯৫ রানে। অস্ট্রেলিয়াও ব্যাটিংয়ে খুব স্বস্তিতে ছিল না। এরপরও গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেটকে আইসিসির সর্বোচ্চ মানের রেটিং দেওয়ার সুপারিশ করেছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

অস্ট্রেলিয়ার ফক্স ক্রিকেট ও সেভেন ক্রিকেট জানিয়েছে, রিচার্ডসন উইকেটটিকে ‘ভেরি গুড’ হিসেবে মূল্যায়ন করে আইসিসির কাছে প্রতিবেদন পাঠিয়েছেন। আইসিসির পিচ রেটিংয়ে ‘ভেরি গুড’ সর্বোচ্চ শ্রেণি। সাধারণত ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য থাকা উইকেটকে এই মান দেওয়া হয়।

তবে ম্যাকাইয়ের উইকেট নিয়ে সন্তুষ্ট ছিলেন না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, ব্যাটিংয়ের জন্য উইকেটটি ছিল বেশ কঠিন।

শান্ত বলেন, ‘সাধারণত আমরা যখন এশিয়ায় খেলি আর এক দিনে ১৮-১৯টি উইকেট পড়ে, তখন অনেক আলোচনা হয়। এখানেও প্রথম দিনে ১৮টি উইকেট পড়েছে। পিচটি চ্যালেঞ্জিং ছিল বলেই এত উইকেট পড়েছে। এশিয়ায় খেলার সময়ও যেন সবার এই বিষয়গুলো মনে থাকে।’

ম্যাচে প্রথম দিনেই পড়েছিল ১৮ উইকেট। মিচেল স্টার্ক দুই ইনিংসে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি বাংলাদেশের শরিফুল ইসলাম প্রথম ইনিংসেই শিকার করেন সাত উইকেট।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য উইকেটের আচরণ নিয়ে ইতিবাচক ছিলেন। তার মতে, দ্রুত ম্যাচ শেষ হলেও উইকেটটি বেশ ভালো ছিল।

তবে সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড ভিন্নমত পোষণ করেছেন। তার মতে, এমন বোলারবান্ধব উইকেট অস্ট্রেলিয়ার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশ টস জিতে আগে বোলিং করলে স্বাগতিকরাই বড় বিপদে পড়তে পারত বলেও মন্তব্য করেছেন তিনি।