Home খেলাধুলা ‘৫০ পার্সেন্ট সত্য, ৫০ পার্সেন্ট মিথ্যা’–কোচের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে বাফুফে

‘৫০ পার্সেন্ট সত্য, ৫০ পার্সেন্ট মিথ্যা’–কোচের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে বাফুফে

1

স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বয়সভিত্তিক দলের এক কোচের অনাকাঙ্ক্ষিত হাতাহাতি ও শৃঙ্খলাভঙ্গের ঘটনা নিয়ে মুখ খুলেছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের সবটা সঠিক নয় দাবি করে তিনি জানিয়েছেন, ঘটনায় শৃঙ্খলাভঙ্গের বিষয়টি সত্য এবং এ ঘটনায় বাফুফে ব্যবস্থা নেবে।

সম্প্রতি ওই কোচের হাতাহাতির ঘটনা, ফেসবুকে দেওয়া বিভিন্ন পোস্ট এবং নিরাপত্তাহীনতার দাবি নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কামরুল হাসান হিলটন বলেন, ‘মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিষয়টি এসেছে, তার ৫০ পার্সেন্ট সত্য, ৫০ পার্সেন্ট মিথ্যা। তবে একটা ঘটনা ঘটেছে এবং শৃঙ্খলা বিঘ্ন ঘটেছে। সেই জায়গা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ বিষয়ে একটা ব্যবস্থা তো নেবেই।’

সংশ্লিষ্ট কোচের বিরুদ্ধে কী ধরনের আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ‘কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো বাফুফে সভাপতি এবং আমাদের কর্মকর্তারা বসে সিদ্ধান্ত নেবেন।’

সামনে ২৮ তারিখে লিগ ম্যাচ থাকায় তাৎক্ষণিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না জানিয়ে হিলটন বলেন, ‘আমাদের সামনে খেলা রয়েছে। সেক্ষেত্রে টিম সিলেকশন ও কোচিং প্যানেল সবকিছুই ফাইনাল হয়ে গেছে। তবে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে। আলোচনার মাধ্যমেই সব ঠিক করা হবে।’

বকেয়া বেতন ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ওই কোচের নিয়মিত ভিডিও প্রকাশের বিষয়টি ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে কি না, এমন প্রশ্নের জবাবে হিলটন জানান, ব্যক্তিগত পর্যায়ের বিরোধ কিংবা শৃঙ্খলাভঙ্গের ঘটনাকে বাফুফে হালকাভাবে দেখছে না। অতীতেও এ ধরনের ঘটনায় ছাড় দেওয়া হয়নি, এবারও নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত চলাকালে বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে ওই কোচ ডাগআউটে থাকতে পারবেন কি না, কিংবা তার জায়গায় অন্য কেউ দায়িত্ব পালন করতে পারবেন কি না, সে বিষয়েও টেকনিক্যাল কমিটির প্রধান নিয়ম পরিষ্কার করেন।

তিনি বলেন, ‘জাতীয় দল এবং অনূর্ধ্ব-২৩ দলের ডাগআউটে দাঁড়াতে হলে প্রো লাইসেন্স লাগে। কিন্তু বয়সভিত্তিক দলগুলোর ক্ষেত্রে মিনিমাম এ লাইসেন্স থাকলেই ডাগআউটে দাঁড়ানো সম্ভব।’

সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বাফুফে সভাপতি ও টেকনিক্যাল কমিটির যৌথ বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।