Home খেলাধুলা বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনের অবস্থায় নেই সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনের অবস্থায় নেই সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

1

স্পোর্টস ডেস্ক ।।

অক্টোবরে ঢাকায় বাংলাদেশ ও ব্রাজিলের সম্ভাব্য প্রীতি ম্যাচ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তবে সেই সম্ভাবনায় যেন জল ঢেলে দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি জানিয়েছেন, ম্যাচটি আয়োজনের জন্য অর্থ ব্যয়ের অবস্থায় নেই সরকার। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পৃষ্ঠপোষকদের মাধ্যমে টাকার ব্যবস্থা করতে পারলে সরকার সার্বিক সহযোগিতা করবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকায় বক্সিং কোচিং কোর্সের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এককথায় উত্তর দিলে এই মুহূর্তে আমরা সরকারের পক্ষ থেকে এই ম্যাচের জন্য টাকা খরচ করতে পারব না। আপনারা জানেন, বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে। তাই একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে ব্যয় করার মতো মানসিকতা আমাদের নেই।’

তবে বাফুফে বিভিন্ন উৎস থেকে টাকার ব্যবস্থা করতে পারলে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমিনুল হক, ‘বাফুফের সঙ্গে যেহেতু ব্রাজিলের প্রতিনিধিদলের কথা হয়েছে, তারা যদি বিভিন্ন স্পন্সর এনে সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে আমরা সার্বিক সহযোগিতা করব।’

ব্রাজিলের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী আমিনুল। তবে ম্যাচের ব্যয়ভার ও আনুষঙ্গিক বিষয় নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি।

আমিনুলের ভাষায়, ‘বিষয়টি (ব্রাজিল দলের ঢাকায় আসার সম্ভাবনা) একদম প্রাথমিক পর্যায়ে আছে। বাফুফে সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা প্রাথমিক আলোচনাই করেছি। ব্যয়ভার বহনসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনো খোলামেলা আলোচনা হয়নি।’

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধিদল গত রবিবার (২৩ আগস্ট) ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে এবং তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে। খেলোয়াড়সহ ৯০ জনের বহর নিয়ে তারা অক্টোবরে ঢাকায় আসতে চেয়েছে।

রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেললে তা বড় অর্জন হবে বলে মনে করেন আমিনুল হক। তবে এই একটি ম্যাচ খেললেই দেশের ফুটবলে বড় পরিবর্তন আসবে—এমনটা মনে করেন না তিনি।

এ ব্যাপারে আমিনুল বলেন, ‘বিশ্বকাপের সময় ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য বাংলাদেশে বিপুল সমর্থন দেখা যায়। সেখান থেকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে সমর্থকদের ইচ্ছা পূরণ হবে, দর্শকরা আনন্দ পাবেন। কিন্তু এই ম্যাচের পর যে দেশের ফুটবলে পরিবর্তন আসবে, এই বিষয়ের সঙ্গে আমি একমত নই।’

দেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য অবকাঠামো ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির দিকে নজর দিতে হবে বলে মনে করেন প্রতিমন্ত্রী আমিনুল।