Home আঞ্চলিক ডেঙ্গুমুক্ত খুলনার লক্ষ্যে মাঠে মহানগর যুবদল: মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গুমুক্ত খুলনার লক্ষ্যে মাঠে মহানগর যুবদল: মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

5

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটায় তা প্রতিরোধে মাসব্যাপী মশা নিধন ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর যুবদল। এরই ধারাবাহিকতায় সদর থানা যুবদলের অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর মাধ্যমে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশা নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে নগরীতে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে সবসময় সতর্ক থাকতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

Screenshot

কর্মসূচিতে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। তিনি তাঁর বক্তব্যে হুশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় বড় পরিসরে কার্যকর কার্যক্রম পরিচালনা করা না হলে এর ভয়াবহ পরিণতি আমাদের সবাইকে ভোগ করতে হবে। কালক্ষেপণ না করে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে মশা নিধনে মাঠে নামতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলসহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ বলেন, দ্রুত মশা নিধন কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং নগরবাসীর সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করে এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে হবে।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, কামাল হোসেন ও হাবিবুর রহমান কাজল। ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রুবেল আহমেদ ও সদস্য সচিব হানিফ মৃধার নেতৃত্বে ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় মশা নিধন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।

মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর জন্য নিরাপদ ও ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং মশার বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মাসব্যাপী এ কর্মসূচি খুলনার বিভিন্ন ওয়ার্ডে অব্যাহত থাকবে।