ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের শৈলকুপায় টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম ইলিয়াস হোসেন।
চার দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া সদর হাসপাতালে তিনি মারা যান। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইলিয়াস হোসেন উপজেলার ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। বর্তমানে পৌরসভার মালিপাড়া এলাকায় বসবাস করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে টিসিবির পণ্য বিতরণ নিয়ে সাবেক মেম্বার ইলিয়াসের ছেলে রিসালাত হোসেন চতুড়া গ্রামের মজিবর হোসেনের ছেলে মাজিদুল ইসলামের সঙ্গে তর্কবিতর্ক ও হাতাহাতিতে জড়ান। এরই সূত্র ধরে বিকেলেই হাজি মার্কেট এলাকায় ইলিয়াসকে থামিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে পিটিয়ে আহত করা হয়।
পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘টিসিবির পণ্য নিয়ে দ্বন্দ্বে ইলিয়াস আলী নামে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। আমরা এ ঘটনার তদন্ত শুরু করেছি এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এখনো কেউ অভিযোগ করেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’










































