Home খেলাধুলা টুর্নামেন্টসেরা ক্রিকেটার পেলেন যুক্তরাষ্ট্রের জমি

টুর্নামেন্টসেরা ক্রিকেটার পেলেন যুক্তরাষ্ট্রের জমি

73

স্পোর্টস ডেস্ক।।

লিটন দাসের দল সারে জাগুয়ার্সকে হারিয়ে গত রোববার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন হয় মন্ট্রিয়াল টাইগার্স। ফাইনাল ম্যাচে ২৯ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে শিরোপা জেতাতে সবচেয়ে বেশি অবদান রাখেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শেরফান রাদারফোর্ড। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ও মোমেন্ট অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন তিনি। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন তিনিই।

টুর্নামেন্ট সেরা হয়ে অদ্ভূত এক পুরস্কারই জিতেছেন রাদারফোর্ড। ক্লাইভ লয়েডের কাছ থেকে স্মারক ট্রফির পাশাপাশি একটি ডামি চেক গ্রহণ করেন তিনি। তবে চেকের লেখা দেখে অনেকেই অবাক হয়েছেন। চেকে কোনো টাকার অঙ্ক ছিল না, লেখা ছিল- যুক্তরাষ্ট্রের আধা একর জমি।

অবশ্য টুর্নামেন্টটির সেরা খেলোয়াড়কে জমি পুরস্কার দেওয়া হবে সেটি টুর্নামেন্টের দায়িত্বে থাকা কমিটি ঘোষণা দিয়েছিল আগেই। ফ্লোরিডাভিত্তিক এমএকিউ নামের একটি রিয়েল এস্টেট কোম্পানি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে অরলান্ডোর দক্ষিণে, ডিজনি ওয়ার্ল্ডের কাছে আধা একর জমি দিবে বলে ঘোষণা দিয়েছিল।

 

গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে মন্ট্রিয়ালের সামনে ১৩১ রানের লক্ষ্য দিয়েছিল সারে। শেষ ২ ওভারে দরকার ছিল ২৫ রান। সেখান থেকে আন্দ্রে রাসেলের ৬ বলে ২০ রানের ঝোড়ো ইনিংসে চ্যাম্পিয়ন হয় মন্ট্রিয়াল। পাঁচে নেমে ৩৮ রান করেন রাদারফোর্ড।

টুর্নামেন্টে রাদারফোর্ড ৮ ইনিংস খেলে মোট ২২০ রান করেন। ১৩০.১৭ স্ট্রাইকরেটে এই রান তোলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। শেষ পর্যন্ত তাকেই বেছে নেওয়া হয়েছে সেরা খেলোয়াড় হিসেবে।