Home খেলাধুলা ‘কোনো নারীকে জড়িয়ে ধরা বা স্পর্শ করা অপরাধ নয়’

‘কোনো নারীকে জড়িয়ে ধরা বা স্পর্শ করা অপরাধ নয়’

88

স্পোর্টস ডেস্ক।।

ভারতের জাতীয় কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরন সিং তার বিরুদ্ধে ওঠা নারী কুস্তিগিরদের যৌন হয়রানির যে অভিযোগ উঠেছে তা আবার অস্বীকার করেছেন। এতেই তিনি থেমে নেই, শারীরিক নিগ্রহ নিয়ে তিনি অদ্ভুত যুক্তি দাঁড় করেছেন। তিনি নিজের আইনজীবীর মারফতে দাবি করেছেন, যৌন হয়রানির ইচ্ছে ছাড়া কোনো নারীকে জড়িয়ে ধরা বা স্পর্শ করা অপরাধ নয়। খবর ইন্ডিয়া টুডের।

ব্রিজভূষণ পাশাপাশি কিছু অভিযোগ উড়িয়ে দিয়ে তার আইনজীবী জানিয়েছেন, সেগুলি দেশের বাইরে ঘটেছে। ফলে এ দেশে তার বিচার হতে পারে না।

এর আগে ব্রিজভূষণের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন কয়েক জন নারী কুস্তিগির।গতকাল বুধবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে আইনজীবী রাজীব মোহনের মাধ্যমে অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন ব্রিজভূষণ। তিনি জানিয়েছেন, ঘটনার পর পাঁচ-ছয় বছর পেরিয়ে গেলেও ভয়ের কারণে অভিযোগ না জানানোর যে যুক্তি কুস্তিগিরেরা দেখিয়েছিলেন, তা বিশ্বাসযোগ্য নয়। পাঁচ-ছয় বছর অনায়াসে দেশ-বিদেশে ঘুরে বেরিয়ে হঠাৎ করে যদি তারা বলেন হুমকি দেওয়া হতে পারে, তা সঠিক ব্যাখ্যা হিসাবে গ্রহণ করতে পারে না আদালত।

 

এদিকে ব্রিজভূষণের বিরুদ্ধে আনা কিছু অভিযোগের ঘটনাস্থল বিদেশে বলে তিনি দাবি করেন। ফলে সংশ্লিষ্ট দেশেই সেই ঘটনার বিচার হওয়া উচিত। ভারতে সেই ঘটনার বিচার চলা উচিত নয়। দেশে যে ঘটনাগুলি ঘটেছে, তার মধ্যে সিরি ফোর্টের ঘটনার উত্তর দিতে গিয়ে আদালতে উপরোক্ত বিষয়টি পেশ করেছেন ব্রিজভূষণের আইনজীবী। পাশাপাশি প্রশ্ন তুলেছেন, দেশের অন্যত্র কোনো ঘটনা ঘটে থাকলে তার বিচার দিল্লির আদালতে হবে কেন?

ব্রিজভূষণ আইনজীবীর মাধ্যমে আরও জানিয়েছেন, কুস্তি এমনই একটি খেলা যেখানে পুরুষ কোচেদের সংখ্যাই বেশি। ছাত্রীর সাফল্যের পর যদি কোনো কোচ উৎসাহের বশে তার ছাত্রীকে জড়িয়ে ধরেন বা স্পর্শ করেন, তা হলে সেটা কি অপরাধ? আদালত জানিয়েছে, বৃহস্পতিবার আবার এই মামলার শুনানি হবে।

গত ২০ জুলাই জামিন দেওয়া হয় ব্রিজভূষণকে। ২৫ হাজার রুপির বন্ডও জমা করতে হয়েছে তাকে। পাশাপাশি জানানো হয়েছে, আদালতের অনুমতি ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না এবং কোনো অভিযোগকারীকে হুমকি দিতে পারবেন না।