স্পোর্টস ডেস্ক।।
ইংল্যান্ডে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে ঝড় তুললেন পৃথ্বী শ। নর্দাম্পটনশায়ারের হয়ে খেললেন ১৫৩ বলে ২৪৪ রানের ইনিংস! বাজে সময়ের মধ্যদিয়ে যাওয়া এই ভারতীয় তরুণ কাউন্টিতে তৃতীয় ম্যাচ খেলতে নেমেই করলেন ডাবল সেঞ্চুরি।
গতকাল বুধবার সমারসেটের বিপক্ষে উদ্বোধনী করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেন পৃথ্বী। ১২৯ বলে ২০০ রান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ২৪৪ রানের ইনিংস। তার ডাবল সেঞ্চুরির ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে নর্দাম্পটনশায়ার তোলে ৮ উইকেটে ৪১৫ রান। তাতে সমারসেটের বিপক্ষে তারা জয় পায় ৮৭ রানে।
পৃথ্বী ২৮টি চার এবং ১১টি ছক্কা মারেন। তার মধ্যে ইনিংসের শেষ ১০ ওভারেই তার ব্যাট থেকে এসেছে ২৫টি চার এবং আটটি ছয়। ১০০ রান থেকে ১৫০ রানে পৌঁছতে তার ২২ বল খরচ করেছেন। ‘লিস্ট এ’ (৫০ ওভারের ম্যাচ) নিজের দ্বিতীয় দ্বিশতরান করলেন।
পৃথ্বীর বুধবারের ইনিংস ‘লিস্ট এ’ ক্রিকেটে ষষ্ঠ সর্বোচ্চ রানের ইনিংস। তালিকার শীর্ষে রয়েছে নারায়ণ জগদীশনের ২৭৭ রানের ইনিংস। তার পর যথাক্রমে রয়েছে ইংল্যান্ডের অ্যালিস্টার ব্রাউনের ২৬৮, রোহিত শর্মার ২৬৪, অস্ট্রেলিয়ার ডি’অ্যারি শর্টের ২৫৭ এবং শিখর ধাওয়ানের ২৪৮ রানের ইনিংস।











































