Home আঞ্চলিক অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে প্রায় ২ লাখ টাকার ঘেরের সবজি গাছ কাটলো...

অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে প্রায় ২ লাখ টাকার ঘেরের সবজি গাছ কাটলো দুর্বৃত্তরা

30

তামিম আহমেদ মনির।।
যশোরের অভয়নগর উপজেলায় ঘেরের পাড়ের সবজি বাগান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে উপজেলার কোদলা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির দাবি,পূর্ব-পরিকল্পিতভাবে তার সাথে শত্রুতাবশত কেউ ঘেরের পাড়ে থাকা বিভিন্ন ধরনের সবজির গাছ কেটে ক্ষতি করেছে। এ ঘটনায় তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ বুধবার (৯ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা গেছে, অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কোদলা গ্রাম। ওই গ্রামের হতদরিদ্র কৃষক তপন কুমার বসু। তার কোদলা মৌজায় সাড়ে তিন বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। ঘেরের পাড়ে বাণিজ্যিকভাবে কাঁচা মরিচ,শসা,লাউ,কুমড়া,পেঁপে,করলাসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছিলেন তিনি। এই ঘেরের পাড়ে জমিতে থাকা সব ধরনের সবজির গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

কৃষক তপন কুমার বসু বলেন, ‘গত রোববার সকালে ঘেরে গিয়ে দেখি, ঘেরের পাড়ে থাকা সকল সবজির গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। প্রতিটি সবজি গাছে ফল আসা শুরু করেছিল। এখন আমি নিঃস্ব হয়ে গেছি।’ ক্ষতিগ্রস্ত এই কৃষক বলেন, আমি সাড়ে তিন বিঘা ঘেরের পাড়ের জমিতে বাণিজ্যিকভাবে ঝাল,শসা,লাউ,কুমড়া,পেঁপে,করলাসহ বিভিন্ন ধরনের সবজির চাষ করেছিলাম। দুর্বৃত্তরা আমার ক্ষেতের সব ফলন্ত গাছ কেটে ফেলেছে। তিনি বলেন, ‘মানুষ মানুষের সঙ্গে শত্রুতা করে। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? ক্ষেতের গাছ তো কারও সঙ্গে শত্রুতা করেনি। গাছের কোনো অপরাধ নেই। তাহলে কেন এমন করা হলো? এতে আমার কত বড় ক্ষতি হয়েছে বলে বোঝাতে পারবো না। আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, ‘ কোদলা গ্রামের তপন কুমার বসুর ঘেরের পাড়ের বিভিন্ন ধরনের সবজির গাছ কে বা কারা কেটেছে তার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।,