Home খেলাধুলা ইংল্যান্ডের বিপক্ষে ‘বড় স্বপ্ন’ কলম্বিয়ার

ইংল্যান্ডের বিপক্ষে ‘বড় স্বপ্ন’ কলম্বিয়ার

10

স্পোর্টস ডেস্ক।।

নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইউরোপিয় চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ‘বড় স্বপ্ন’ দেখছেন কলম্বিয়া নারী ফুটবল দলের অধিনায়ক কাটালিনা উসমে। অপরদিকে কোচ নেলসন আবাদিয়া চান ‘নতুন ইতিহাস’ গড়তে।

 

ফিফা র‌্যাংকিংয়ের ২৫তম স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া এর আগে কখনো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলেনি। মঙ্গলবার (৮ আগস্ট) শেষ ষোলর লড়াইয়ে অধিনায়ক উসমের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জ্যামাইকাকে হারিয়ে প্রথমবারের মতো শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করে কলম্বিয়া।

এখন সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে আগামী শনিবার সিডনিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। সাহসী খেলা দিয়ে ইতোমধ্যে গ্রুপ পর্বে র‌্যাংকিংয়ে বিশ্বের দ্বিতীয় অবস্থান থাকা জার্মানিকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ল্যাতিন নারীরা।

প্রতিপক্ষ ইংল্যান্ড দল প্রসঙ্গে আবাদিয়া বলেন, ‘তাদের ফুটবল ও ইতিহাসের কারণে আমাদের আরো সাবধান ও সতর্ক হতে হবে। তবে আমরা দেখছি, ফুটবলে ক্রমেই দলগুলোর মধ্যে ব্যবধান কমে আসছে এবং কলম্বিয়া একটি নিখুঁত দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। এটা ঠিক যে ইংল্যান্ড এই আসরের ফেভারিট দলগুলোর একটি। তারা ইউরোপিয় চ্যাম্পিয়ন। তবে আমরাও জার্মানির বিপক্ষে খেলেছি। ওই দলটি ছিল আসরের দ্বিতীয় ফেভারিট। তবে আমরা বেশ ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সাথে তাদের মোকাবেলা করেছি।’

কলম্বিয়ার অন্যতম তারকা টিনএজ স্ট্রাইকার লিন্ডা কেসেডো ইতোমধ্যেই চলতি টুর্নামেন্টে সেরাদের কাতারে স্থান করে নিয়েছেন। তবে উসমা আঠার মতো করে দলকে একতাবদ্ধ করে রেখেছেন। তিনি বলেন, ‘আমরা আরো চাই। এখন আমরা ইংল্যান্ডকে নিয়েই ভাবছি। এ ম্যাচটি হবে আমাদের জন্য স্বপ্নের ম্যাচ। আমাদের শান্ত থাকতে হবে। বুদ্ধিমত্তা দিয়ে খেলতে হবে। তবে এটা নিশ্চিত যে এই বিশ্বকাপে আমরা আরো কিছু অর্জন করতে পারব। আমরা বড় স্বপ্ন দেখছি এবং ওই স্বপ্ন আমরা সত্যি করতে পারব।’
সূত্র : বাসস