Home খেলাধুলা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে

68

ক্রীড়া ডেস্ক||

নারী বিশ^কাপ ফুটবলে শেষ আট নিশ্চিত করেছে ইংল্যান্ড ও স্বাগতিক অস্ট্রেলিয়া। শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়াকে টাইব্রেকারে হারিয়ে টানা পঞ্চমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ মেয়েরা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় ইংলিশ নারীরা। নকআউটের অপর ম্যাচে অস্ট্রেলিয়া ২-০ গোলে হারায় ডেনমার্ককে।

র‌্যাঙ্কিং বলছিল, লড়াইটা ৪র্থ ও ৪০তম দলের। তবে ১২০ মিনিটের খেলায় র‌্যাঙ্কিংয়ের পার্থক্যটা বোঝা গেছে কমই। উল্টো ৪০তম নাইজেরিয়াই ক্ষণে ক্ষণে ৪ নম্বর দলের শক্তিতে আবির্ভূত হয়েছে। দুইবার গোলের প্রবল সম্ভাবনা তৈরি করে বল ক্রসবার থেকেও ফিরেছে। তবে টাইব্রেকারে গিয়ে আর আফ্রিকান মেয়েদের দলটি পারেনি। ইংল্যান্ডের মেয়েদের অবশ্য শেষ দিকে রক্ষণেই বেশি মনোযোগ দিতে হয়েছে। ম্যাচের ৮৪ মিনিটে লরেন জেমস লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। নাইজেরিয়ান ডিফেন্ডার মিশেল অ্যালোজিকে পায়ে পাড়া দেওয়ায় প্রথমে হলুদকার্ড দেখানো হয় জেমসকে। পরে ভিএআর দেখে কার্ড পরিবর্তন করে মাঠ থেকে বের করে দেওয়া হয় তাকে। গোলশূন্য দুই ঘণ্টার পর শুট আউটের খেলায় নাইজেরিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফিফা নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। স্বাগতিক দর্শকদের গর্জনের মধ্য দিয়েই ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে গেল অস্ট্রেলিয়া। খেলার ধারার বিপরীতে দারুণ এক গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ডেনমার্ক সুযোগ হাতছাড়া করলেও সে ভুল করেনি স্বাগতিকরা।

প্রথমার্ধের ২৯ মিনিটের সময় মেরি ফাউলারের বাঁকানো ক্রসে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন কেইটলিন ফোর্ড। এই গোলের পর স্বাগতিক সমর্থকদের গর্জন জাগিয়ে তোলে অস্ট্রেলিয়াকেও। ম্যাচের ৭০ মিনিটে দুর্দান্ত দলীয় সমন্বয়ে ঠিকই নিজেদের দ্বিতীয় গোলটি আদায় করে নেয় অস্ট্রেলিয়া। ডি-বক্সের ভেতর বল পেয়ে ফন এগমন্ড বল বাড়ান ফাঁকায় থাকা হেইলি রাসোকে। নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে গোটা স্টেডিয়ামকে উদ্যাপনের আনন্দে মাতিয়ে তোলেন রাসো।