স্পোর্টস ডেস্ক||
প্রথমবার বিশ্বকাপের মতো মঞ্চে একাদশে সুযোগ পেয়ে নিজেকে উজার করে দিয়েছিলেন গনসালো রামোস। পেয়েছিলেন দারুণ হ্যাটট্রিক। তবে কাতারের আসরে পর্তুগালের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বদলেই সুযোগ পেয়েছিলেন একাদশে। কিন্তু শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেকে চিনিয়েছেন। এবার ২২ বছর বয়সী এই স্ট্রাইকার পিএসজিতে যোগ দিলেন।
রামোসকে বেনফিকা থেকে এই মৌসুমের জন্য ধারে দলে নিয়েছে পিএসজি। এই চুক্তিতে চূড়ান্তভাবে কিনে নেওয়ার সুযোগও থাকছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ সংক্রান্ত জটিলতার কারণেই এই মৌসুমে তাকে ধারে নিয়েছে পিএসজি। মৌসুম শেষ হলেই পর্তুগিজ এই তরুণকে স্থায়ী চুক্তিতে নেবে ফরাসি ক্লাবটি।
বেনফিকার একাডেমিতে ১২ বছর বয়স থেকে বেড়ে উঠেছেন রামোস। এরপর ২০২০ সালে ক্লাবের মূল দলে অভিষেক হয়।
রামোস বলেন, ‘পিএসজিতে যোগ দিতে পারা আমার জন্য বিশাল গর্ব ও দারুণ খুশির ব্যাপার। অসাধারণ সব ফুটবলার নিয়ে বিশ্বের সেরা ক্লাবগুলির একটি পিএসজি।’
বেনফিকার হয়ে ১০৬ ম্যাচ খেলে ৪১ গোল করেন রামোস, সহায়তা করেন ১৬টি গোলে।
এর আগে কাতার বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে একদম শেষ দিকে মাঠে নামতে পেরেছিলেন রামোস। পরে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোর বদলে তাকেই সেরা একাদশে রাখেন কোচ।








































