স্পোর্টস ডেস্ক।।
টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু হয়েছিল এবারের অ্যাশেজের প্রথম ম্যাচ দিয়েই। প্রথম দুই ম্যাচ অস্ট্রেলিয়ার জয়ের পর তৃতীয় ম্যাচটি ড্র হয়। শেষ দুই টেস্ট জিতে সমতা আনে ইংল্যান্ড।
আইসিসির নিয়ামানুযায়ী, কোনো দল একটি টেস্ট জিতলে তাদের পয়েন্ট হবে ১২ আর ড্র করলে ৪। সেই হিসেবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দলের পয়েন্টই হওয়ার কথা ছিল ২৮। তবে পুরো সিরিজে স্লো ওভার রেটের শাস্তি হিসেবে ইংল্যান্ডের ১৯ এবং অস্ট্রেলিয়ার ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
দেশ দুইটির পয়েন্ট কেটে নেওয়ায় পয়েন্টের শীর্ষে চলে গেছে পাকিস্তান। দুই ম্যাচ খেলা পাকিস্তান দুইটিতেই জয় পাওয়ায় তাদের সর্বোচ্চ ২৪ পয়েন্ট। ১০০ শতাংশ জয় নিয়ে শীর্ষে তারাই। দুই ম্যাচের একটিতে জয় এবং একটিতে ড্র নিয়ে ভারতের পয়েন্ট ১৬ হলেও ৬৬.৬৭ শতাংশ জয়ের হার রেখে দুইয়ে তারা। অস্ট্রেলিয়া আছে তিনে।
স্লো ওভার রেটের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি কম ওভারের জন্য ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয় এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ হলে প্রতি ওভারের জন্য ১ পয়েন্ট করে কাটা হয়।
চতুর্থ টেস্টে কোনো স্পিনার ছাড়াই নামে অস্ট্রেলিয়া। ওই টেস্টেই ১০ ওভার কম করায় ১০ পয়েন্ট কাটা গেছে অস্ট্রেলিয়ার। আর ৫ ম্যাচের চারটিতেই শাস্তি পেয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্টে ২, লর্ডসে ৯, ওল্ড ট্রাফোর্ডে ৩ এবং ওভালে শেষ টেস্টে ৫ ওভার কম করেছে ইংল্যান্ড।











































