Home খেলাধুলা ভারত-পাকিস্তান ম্যাচ এগোলে বাংলাদেশসহ যেসব দলের ওপর প্রভাব পড়বে

ভারত-পাকিস্তান ম্যাচ এগোলে বাংলাদেশসহ যেসব দলের ওপর প্রভাব পড়বে

17

স্পোর্টস ডেস্ক।।

২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিযোগিতা দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। তবে গ্রুপপর্বে সবচেয়ে সবজমাট ম্যাচ ভারত-পাকিস্তানের। সূচি অনুযায়ী ১৫ অক্টোবর আহমেদাবাদে ম্যাচটি হওয়ার কথা। কিন্তু ওই দিন নবরাত্রি উৎসব। তাই ম্যাচ একদিন এগিয়ে আনা হতে পারে। ম্যাচ এগিয়ে আনার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ সরাসরি না বললেও বিশ্বকাপের সূচিতে যে পরিবর্তন আসছে সে ইঙ্গিত আগেই দিয়েছেন।

তবে ভারত-পাকিস্তানের ম্যাচ এগিয়ে আনলে শুধু ওই দুটি দেশই নয়, তার প্রভাব আরও কয়েকটি দেশের ওপর পড়বে। এতে কোনো দলের ওপর চাপ বেশি পড়বে, কোনো দল হয়তো বেশি বিশ্রাম পাবে।

১৫ অক্টোবরে নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচ ১৪ অক্টোবরে হলে সেটি দিন-রাতেরই হবে। তবে সূচি অনুযায়ী ১৪ অক্টোবর দিনের ম্যাচে বাংলাদেশ-নিউজিল্যান্ড ও দিন-রাতের ম্যাচে খেলার কথা ইংল্যান্ড-আফগানিস্তানের। এই দুই দলের ম্যাচ তাহলে পরদিন ১৫ অক্টোবর আয়োজন করা হতে পারে। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচের দিন অন্য কোনো ম্যাচ চায় না সম্প্রচারকারী সংস্থা।

 

অর্থাৎ, সূচি বদলের প্রভাব পড়বে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ওপর। দলগুলো কী সমস্যায় পড়বে বা কেমন বিশ্রাম পাবে সেই বিশ্লেষণ করেছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার।

বাংলাদেশ: ১০ অক্টোবর ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে খেলে চেন্নাইয়ে আসবে তারা। ১৪ অক্টোবরের জায়গায় একদিন পরে খেললেও দলটির সমস্যা তেমন নেই। কারণ, পরের ম্যাচ পুনেতে ভারতের বিপক্ষে, ১৯ তারিখে। তাছাড়া চেন্নাই ও পুনের দূরত্বও খুব বেশি নয়।

পাকিস্তান: সূচি পরিবর্তন হলে সবচেয়ে বেশি ঝামেলায় পড়বে পাকিস্তান। কারণ, ১২ অক্টোবর হায়দ্রাবাদে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ আছে তাদের। সেখান থেকে আহমেদাবাদে গিয়ে ১৪ তারিখ ম্যাচ খেলা বেশ কঠিনই হয়ে যেতে পারে তাদের। যদিও পাকিস্তানের বোর্ড এতে রাজি কি না সেটিও দেখার বিষয়।

ভারত: ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত। তাহলে ১৪ অক্টোবর আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে সমস্যা হওয়ার কথা নয় দলটির। মাঝে সময় আছে ২ দিন। তাদের পরের খেলা ১৯ অক্টোবর, ভারতের বিপক্ষে।

ইংল্যান্ড: সূচি পরিবর্তনে ইংল্যান্ডেরও সমস্যা হওয়ার কথা নয়। কারণ ১৫ অক্টোবর তাদের ম্যাচ হলে, তার পরের ম্যাচ ২১ অক্টোবর। এছাড়া তাদের আগের ম্যাচটি ১০ অক্টোবর। আদর্শ গ্যাপই পাচ্ছে তারা।

আফগানিস্তান: আফগানিস্তানের সমস্যা দিন পিছিয়ে যাওয়ায় নয়। বরং ১১ অক্টোবর ভারতের বিপক্ষে খেলার পর ১৪ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ও ১৮ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। এক সপ্তাহের মধ্যে ৩টি ম্যাচ খেলা বেশ ধকল হয়ে যাবে তাদের জন্য।

নিউজিল্যান্ড: নিউজিল্যান্ডেরও কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ, ১৫ অক্টোবর খেললেও তারা চেন্নাইয়েই থাকবে। ১৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে তারা।