স্পোর্টস রিপোর্টার।।
অ্যামেচারের পাশাপাশি পেশাদার বক্সিং রিংও মাতিয়ে বেড়ান পাহাড়ি বক্সার সুরকৃষ্ণ চাকমা।। তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় এবার মাত করতে পারলেন না ব্যাংকক। ২৯শে জুলাই ব্যাংককে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পেশাদার বক্সিং চ্যাম্পিয়নশিপের। টিকিট ও ভিসা সবই প্রস্তুত ছিল। ১৪ই জুলাই ছিল ফ্লাইট। কিন্তু দুদিন আগেই তার ডেঙ্গু ধরা পড়ে। ফলে হাসপাতালের বিছানায় চারদিন থাকতে হয়েছে। এমনকি প্লাটিলেটও কমে গিয়েছিল। তবে বড় কোনও জটিলতার মধ্যে যেতে হয়নি। এখন সুস্থ হয়ে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।
এর আগে ৫টি পেশাদার ম্যাচ খেলে সবকটিতেই জয় রয়েছে তার। আফসোস করে সুরকৃষ্ণ বলেন, ‘ব্যাংককে খেলার জন্য সবই ঠিক ছিল। কিন্তু ডেঙ্গুই সব ভেস্তে দিয়েছে। এখন তাকিয়ে থাকতে হবে পরের টুর্নামেন্টের জন্য। সেপ্টেম্বরে ঢাকায় বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন আয়োজিত আরেকটি পেশাদার টুর্নামেন্ট রয়েছে। সেখানে খেলার প্রত্যাশা করছি।’











































