Home খেলাধুলা টি-টোয়েন্টিতে ৭ উইকেট নিয়ে ইদ্রুসের ইতিহাস

টি-টোয়েন্টিতে ৭ উইকেট নিয়ে ইদ্রুসের ইতিহাস

9

স্পোর্টস ডেস্ক।।
সায়াজরুল এজাত ইদ্রুস- ৩২ বছর বয়সী এই পেসারের নাম শুনেছেন কখনো? হয়তো বা না। এক টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে ৮ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন মালয়েশিয়ার এই পেসার। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়ার ‘বি’ গ্রুপের বাছাইপর্বে চীনের বিপক্ষে এই কীর্তি গড়েন সায়াজরুল ইদ্রুস। আন্তর্র্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম এক ম্যাচে ৭ উইকেট নিতে পারলেন কোনো বোলার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের নজির গড়া স্পেলে ইদ্রুসের নেয়া সবক’টি উইকেটই বোল্ড। ৪ ওভার বল করে একটি মেডেনও নেন তিনি। ইদ্রুসের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার ছিল নাইজেরিয়ার পিটার আহোর।

২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে ৩.৪ ওভার বল করে ৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন নাইজেরিয়ান এই তারকা। তালিকার তিনে রয়েছেন দীপক চাহার। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। উগান্ডার দীনেশ নাকরানিও ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন।

২০২১ সালে লেসোথোর বিপক্ষে এই কীর্তি দেখান তিনি। তালিকার পাঁচে শ্রীলঙ্কার সাবেক স্পিনার অজন্তা মেন্ডিস। ২০১২ সালে হাম্বানটোটায় জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে ৮ রানের খরচায় ৬ উইকেট নিয়েছিলেন অজন্তা। এছাড়াও আরো আট বোলারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৬ উইকেট নেয়ার কীর্তি রয়েছে।
এর মধ্যে অবশ্য বাংলাদেশি কোনো বোলারের নাম নেই। টাইগারদের মধ্যে সেরা বোলিং ফিগার ইলিয়াস সানির। ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এ বাঁহাতি স্পিনার। সায়াজরুল ইদ্রুসের অবিশ্বাস্য বোলিংয়ে মাত্র ২৩ রানে অলআউট হয় চীন। দলটির ইনিংসে সর্বোচ্চ রান করেন ওপেনার ওয়েই গু লেই। ১৫ বলে ৭ রান করেন তিনি। ৬ জন ব্যাটার ‘ডাক’ মারেন। ইদ্রুস বাদে ২ উইকেট পান পবনদীপ সিং এবং এক উইকেট পান বিজয় উন্নি। ২৪ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ৯১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মালয়েশিয়া। তাদেরও শুরুটা অবশ্য ভালো ছিল না। মাত্র ৩ রানে দুই উইকেট হারিয়েছিল দলটি। শূন্য রাতে সাজঘরে ফেরেন দুই ওপেনার সাইদ আজিজ এবং মোহাম্মদ আমির। এরপর ২১ রানের অপরাজিত জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন শারভিন সুরেন্দর (৪*) এবং বিরেনদীপ সিং (১৯*)।