Home আন্তর্জাতিক মদ খাঁটি কি না, জানিয়ে দেবে ‘কলম’

মদ খাঁটি কি না, জানিয়ে দেবে ‘কলম’

17

আন্তর্জাতিক ডেস্ক।।

ভেজাল মদ নিয়ে নানা সময়েই নানা দুর্ঘটনা ঘটে। ভেজাল মদপানে অনেকেই অসুস্থ হন, অনেকেই আবার মারাও যান। এবার ভেজাল মদ শনাক্তে অভিনব ব্যবস্থা নিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যটিতে ভেজাল মদ শনাক্তে প্রতিটি মদের দোকানে টকিং পেন বা কথা বলা কলম ব্যবহার রাখা হবে। সেই কলমটি মদের বোতল বা বাক্সের গায়ের হলোগ্রামে ধরলে বলে দেবে মদ আসল না কি নকল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ইতোমধ্যে পশ্চিমবঙ্গের সব খুচরা মদ বিক্রেতার কাছে সেই নির্দেশ পাঠিয়ে দিয়েছে রাজ্যটির আবগারি অধিদপ্তর। সেখানে বলা হয়েছে, সব বিক্রেতাকেই যত তাড়াতাড়ি সম্ভব ৩ হাজার রুপি দামের এই কলমটি কিনে নিতে হবে।

পশ্চিমবঙ্গে মদের ডিস্ট্রিবিউটররা সরকারি সংস্থা ‘বেভকো’র মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে মদের বোতল পৌঁছে দেয়। কিন্তু এর পরেও অনেক দোকানদার খোলাবাজার থেকে মদ কেনেন বলে অভিযোগ আছে। আবগারি অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, সেই সব মদের গুণমান অনেক সময়েই ঠিক থাকে না। ফলে ক্রেতারা ঠকে যান। এটা আটকাতেই এই পদ্ধতি।

তিনি বলেন, ‘নকল মদের কারবারিরা বোতল থেকে লেবেল— সবই এমনভাবে বানায় যে, তা দেখে ‘‘নকল’’ বোঝার উপায় থাকে না। বাক্স থেকে ছিপি— নামি ব্র্যান্ডের মতো হুবহু এক। তবে ঝাঁজ, গন্ধ, স্বাদ আলাদা হয়। কিন্তু ক্রেতারা সেটা বুঝতে পারেন বোতল খুলে ফেলার পরে। এখন আগে থেকেই বিষয়টি স্পষ্ট করার উপায় তৈরি হলো।’

আবগারি অধিদপ্তরের মদের খুচরা বিক্রেতাদের কাছে পাঠানো নির্দেশে বলেছে, ‘কথা বলা কলম’ একটি বিদ্যুৎবিহীন যন্ত্র। ওই কলমটি বোতলের গায়ের হলোগ্রামে ঠেকালে মদ খাঁটি কি না, তা বলে দেবে। এটি কিনতে হবে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ‘সরস্বতী প্রেস’ থেকে। এ জন্য প্রতিটি কলমের জন্য ১৮ শতাংশ জিএসটিসহ ৩ হাজার টাকা অগ্রিম অনলাইনে পাঠিয়ে দিতে হবে।

মদের খুচরা বিক্রেতাদের পাঠানো নির্দেশে এই কলমের বৈশিষ্ট্য এবং ব্যবহার সম্পর্কেও জানিয়েছে আবগারি অধিদপ্তর। তাতে বলা হয়েছে, এই কলমটি ইংরেজিতে জানাবে মদ খাঁটি কি না। ভাষা বদল করা যাবে না। কলমটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে চার্জ দিতে হবে। এ জন্য কলমের সঙ্গে একটি টাইপ-সি চার্জিং ক্যাবলও দেওয়া হবে। কলমের গায়ে অন, অফ, শব্দ বাড়ানো-কমানোর বোতাম রয়েছে।

কলমের মধ্যেই একটি স্পিকার এবং এলইডি আলো আছে। ক্রেতাদের সুবিধার জন্য আলাদা স্পিকার লাগানোর ব্যবস্থাও রয়েছে। কলমটি ব্যবহার না করা হলে ১০ মিনিট পর তা নিজ থেকেই বন্ধ হয়ে যাবে। পরে সেটি ফের চালু করতে হবে।