Home খেলাধুলা পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারকে দলে ভেড়াল ফরচুন বরিশাল

পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারকে দলে ভেড়াল ফরচুন বরিশাল

24

খেলা ডেস্ক।।

বিপিএল শুরু হতে আরও অনেক সময় বাকি থাকলেও ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলো দল সাজানোর কাজ শুরু করে দিয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে বিপিএলের নতুন আসর। সেই আসরকে সামনে রেখে তামিম ইকবালের পর এবার পাকিস্তানের অভিজ্ঞ এক ক্রিকেটারকে দলে নিয়েছে ফরচুন বরিশাল।

বিপিএলে খুব বেশি সাফল্য নেই বরিশালের। অতীতকে পেছনে ফেলে আগামী বিপিএলে শিরোপা জয়ই মূল লক্ষ্য ক্লাবটির। আর সেজন্য লম্বা সময় নিয়েই দল তৈরি করতে চায় ফরচুন বরিশাল।

 

আগামী বিপিএলের জন্য প্রথম বিদেশি হিসেবে পাকিস্তানের হার্ডহিটার ব্যাটার ফখর জামানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে দলটির। শনিবার (২২ জুলাই) ফরচুন বরিশাল তাদের ফেসবুক পেইজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

ফখর জামানের চুক্তির বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘একটি দুর্দান্ত ইনিংসের জন্য একটি ভাল শুরু গুরুত্বপূর্ণ। আর সেজন্য প্রয়োজন ভালো ওপেনার। সুসংবাদ হলো, আমরা ইতোমধ্যেই দুর্দান্ত একজন ওপেনারকে পেয়ে গেছি, তিনি পাকিস্তানের ফখর জামান। সাউদার্ন আর্মিতে স্বাগতম হার্ড হিটার।’

উল্লেখ্য, আসন্ন বিপিএল আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একই মাসে জাতীয় নির্বাচন থাকায় আসর শুরুর চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারণ করতে পারেনি বিসিবি। ধারণা করা হচ্ছে, ১০ জানুয়ারি বা কাছাকাছি সুবিধাজনক সময়ে শুরু হতে পারে বিপিএল।