Home খেলাধুলা সাকিবের শিকারে লিটন, তাসনিক ঝড়েও মুশফিকদের জয়

সাকিবের শিকারে লিটন, তাসনিক ঝড়েও মুশফিকদের জয়

20

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশের ৪ ক্রিকেটার ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেশের বাইরে গেছেন। গতকাল একে অপরের মুখোমুখি হয়েছেন। যেখানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে জ্বলে ওঠেন সাকিব আল হাসান, আর জিম্বাবুয়েতে টি-টেন ক্রিকেটে বল হাতে বিধ্বংসী ছিলেন তাসকিন আহমেদ। এছাড়া দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিকুর রহিম।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ও সহ-অধিনায়কের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় অধিনায়কের। সাকিব শুধু লিটনকে আউটই করেননি, দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে বড় অবদান রেখেছেন দলের জয়ে।

জিম্বাবুয়েতে বাংলাদেশের আরও দুই তারকা মুশফিক ও তাসকিন জিম আফ্রো টি-টেন লিগে মুখোমুখি হন। তাসকিন ছিলেন বল হাতে বিধ্বংসী, ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন মুশফিক। দলীয় লড়াইয়ে সেখানে শেষ হাসি মুশফিকের।

 

শুক্রবার কানডার ব্রামটনে সারে জাগুয়ার্সের হয়ে মাঠে নামে লিটন, মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে সাকিব। টস হেরে যাওয়া সারের হয়ে ব্যাটিং ওপেন করেন লিটন ও অ্যালেক্স হেলস। প্রথম ওভারেই কার্লোস ব্র্যাথওয়েটকে ছক্কায় শুরু করেন লিটন। তবে ওই ছক্কার পর লিটনও আর হাত খুলতে পারেননি। পঞ্চম ওভারে মুখোমুখি হন সাকিব ও লিটন। সাকিবের প্রথম তিন বলেই টার্ন ও বাউন্সে বারবার অস্বস্তিতে পড়েন লিটন। অল্পের জন্য আউটও হননি। চতুর্থ বলে একটু জায়গা বানিয়ে খেলার চেষ্টা করতে গিয়েই বিপত্তি। ১১ বলে ৯ রান করে লিটন ধরা পড়েন কাভারে।

অধিনায়ক ইফতিখার আহমেদের ৪৪ বলে ৪০ ও ওমানের জাতিন্দার সিংয়ের ১৫ বলে ২৭ রানের ইনিংসে সারে ২০ ওভারে তোলে ১৩৬ রান। লিটনের পর কানাডার পারগাত সিং ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ডকে আউট করেন সাকিব। ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার তিনিই।

রান তাড়ায় মন্ট্রিয়লের ওপেনার ও অধিনায়ক ক্রিস লিন আউট হয়ে যান ১৫ বলে ২২ রান করে। তিনে নেমে সাকিব দ্বিতীয় বলেই মারেন চার, পরের বলে ছক্কা। ওই ওভারেই তার ব্যাট থেকে আসে আরেকটি চার। আরেক ওভারে চার মারেন তিনি টানা দুটি। ১৩ বলে ২৬ রানের ক্যামিও খেলে সাকিব বিদায় নেন নেপালি লেগ স্পিনার সন্দিপ লামিছানের বলে। মন্ট্রিয়ল জিতে যায় ৫ উইকেটে।

এদিকে জিম আফ্রো টি-টেন ক্রিকেটে হারারে স্পোর্টস ক্লাবে বুলাওয়ায়ো ব্রেভসের হয়ে মাঠে নেমে আগুনে বোলিংয়ে তাসকিন কাঁপিয়ে দেন জোহানেন্সবার্গ বাফেলোজকে। প্রথম ওভারে তিনি দেন ৫ রান। নিজের পরের শিকার করেন ৩ উইকেট! ওভারের প্রথম বলে বিদায় করে দেন মোহাম্মদ হাফিজকে, পঞ্চম বলে রবি বোপারাকে। শেষ বলে দুর্দান্ত এক ডেলিভারিতে উপড়ে দেন ডেলানো পটগিয়েটারের স্টাম্প। ২ ওভার বোলিং করে তার প্রাপ্তি ১১ রানে ৩ উইকেট।

৩ ওভারে স্রেফ ১৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে তখন নড়বড়ে জোহানেসবার্গ। পাল্টা আক্রমণে সেই দলকে উদ্ধার করে মুশফিক। তিনি অপরাজিত থাকেন ২৩ বলে ৪৬ রান করে। ১০ ওভারে ১০৫ রান তোলে জোহানেসবার্গ।

রান তাড়ায় বুলাওয়ায়োকে ধসিয়ে দেন হাফিজ। অভিজ্ঞ পাকিস্তানি অলরাউন্ডার অবিশ্বাস্যভাবে ২ ওভারে স্রেফ ৪ রান দিয়ে উইকেট নেন ৬টি! জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা ২ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট। অন্য বোলারদের কিছুটা কাজে লাগিয়ে বুলাওয়ায়ো ১০ ওভারে করতে পারে ৯৫ রান। মুশফিকরা জিতে যায় ১০ রানে।

এ দিনই অবশ্য আরও আগে আরেকটি ম্যাচে বুলাওয়ায়োর হয়ে মাঠে নামেন তাসকিন। অধিনায়ক সিকান্দার রাজার ৩০ বলে ৬১ রানের ইনিংসে বুলাওয়ায়ো ১০ ওভারে করে ১২৮ রান। পরে বল হাতে তাসকিন প্রথম ওভারেই বিদায় করেন রবিন উথাপ্পাকে। ২ ওভারে রান দেন কেবল ৭। হারারে হারিকেন্স ১০ ওভারে করতে পারে মাত্র ৭৯ রান। তাদের হয়ে মোহাম্মদ নবি করেন ১৪ বলে ২২।