ঢাকা অফিস।।
পূর্বঘোষণা অনুযায়ী পাঁচ বড় শহরে তারুণ্যের সমাবেশের পর শনিবার (আজ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সবশেষ সমাবেশ করতে যাচ্ছে বিএনপির গুরুত্বপূর্ণ তিন অঙ্গ এবং সহযোগী সংগঠন। জাতীয়বাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এই সমাবেশের লক্ষ্য সরকার পতনের একদফার বড় শোডাউন। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাজধানীর এই সমাবেশে দেশের প্রতিটি জেলা-মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেবেন। আয়োজক তিন সংগঠনের বাইরেও অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনেকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন। রাজধানী থেকে দূরবর্তী জেলার নেতাকর্মীদের অনেকে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। তাদের অনেকেই গতকাল শুক্রবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় করেন। আবার অনেকে পথে আছেন। এ ছাড়া রাজধানী ঢাকা ও আশপাশের নেতাকর্মীরা আজ শনিবার সকালে রাজধানীতে প্রবেশ করবেন।
তারুণ্যের সমাবেশ সফল করতে ঢাকা মহানগর ও জেলা এবং আশপাশের জেলা ও মহানগরের নেতাদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি। দলটির নেতারা মনে করেন তারুণ্যের সমাবেশ থেকে আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মনে করেন মানুষের জনসমর্থন বাড়তে থাকায় বিএনপির আন্দোলন গতি পাচ্ছে। তিনি বলেন, বিএনপির এখন প্রস্তুতির প্রয়োজন হয় না। সমাবেশ ডাকলে তা মহাসমাবেশ হয়। বিএনপির এখন সমাবেশ হয় না, মহাসমাবেশ হয়। এর কারণ আমরা সুশৃঙ্খল ও অহিংস আন্দোলন করছি।
সোহরাওয়ার্দী উদ্যানে বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিএনপির অনেক সিনিয়র নেতার জন্য মঞ্চের সামনে বসার জায়গা রাখা হয়েছে।
গত ১২ জুলাই নয়াপল্টনের সমাবেশ থেকে একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। একই দিনে সমমনা রাজনৈতিক দলগুলোও একই কর্মসূচি দেয়। গত ১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ প্রতিটি জেলায় এই দাবিতে পদযাত্রা কর্মসূচি হয়। এর মধ্যে লক্ষ্মীপুরে কৃষক দল নেতা সজীব হোসেন নিহত হয়েছেন। বিভিন্ন জেলায় পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।
জানা গেছে, ‘তারুণ্যের সমাবেশে’ চাকরিবঞ্চিত, গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্য, ভোট দিতে না পারা তরুণ-তরুণীসহ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত কয়েকজনকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। এই সমাবেশ থেকে চূড়ান্ত আন্দোলনের একটা বার্তা পাওয়া যেতে পারে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, সমাবেশের মাধ্যমে তরুণ সমাজকে জাগ্রত করতে পেরেছি। তারা তাদের অধিকার সচেতন হয়েছে। আশা করি, ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে।
গত মাসে চট্টগ্রাম থেকে প্রথম তারুণ্যের সমাবেশ শুরু হয়। এরপর বগুড়া, বরিশাল, সিলেট, খুলনায় একই সমাবেশ করে বিএনপির গুরুত্বপূর্ণ তিন অঙ্গ ও সহযোগী সংগঠন।
গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সমাবেশের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সমাবেশকে কেন্দ্র করে ঢাকা তরুণদের নগরীতে পরিণত হবে।
যুবদল সভাপতি বলেন, বর্তমান সরকারের কারণে ৪ কোটি ৭০ লাখের বেশি নতুন ভোটার তাদের ভোটাধিকারবঞ্চিত হয়েছে। তারা অধিকারের জন্য মাঠে নেমেছেন। যুবদলের সভাপতি বলেন, ‘প্রশাসন যদি মেধাহীনদের দিয়ে সাজানো হয়, তা হলে একসময় এই প্রশাসন ভেঙে পড়বে। এই তরুণদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলনে নেমেছি।’
নতুন কর্মসূচির বিষয়ে জানতে চাইলে সুলতান সালাউদ্দিন বলেন, তারুণ্যের সমাবেশের কর্মসূচি শেষ করে তারা আবার বসবেন। তখন নতুন কর্মসূচি ঠিক করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
এদিকে, গতকাল দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল পরিদর্শন করেন যুব, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলের নেতারা। এ সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, ঢাকার তারুণ্যের সমাবেশে নতুন জাগরণ ও গণজোয়ার সৃষ্টি হবে। তারুণ্যের নতুন ইতিহাস সৃষ্টি হবে। তরুণদের নিয়ে রাজপথে এ ফ্যাসিবাদী সরকারকে রুখে দেব। তিনি জানান, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে এ সমাবেশ হবে। দেশের যুব সমাজের যারা অধিকারবঞ্চিত, চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার তাদের আমরা ঐক্যবদ্ধ করছি মাফিয়া সরকারের বিরুদ্ধে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম প্রমুখ।











































