Home জাতীয় গণঅধিকার পরিষদের অফিসে তালা: নুরদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

গণঅধিকার পরিষদের অফিসে তালা: নুরদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

33

ঢাকা অফিস।।
তালাবদ্ধ গণঅধিকার পরিষদের কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের চেষ্টার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সন্ধ্যায় নেতাকর্মীদের সরিয়ে দিতে পুলিশ এসে লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জেই নুরুল হক ও এক নারী কর্মী আহত হয়েছেন। পুলিশ নেতাদের বের করে দিয়ে কার্যালায়ে তালা ঝুলিয়ে দিয়েছে। গণঅধিকার পরিষদের দুইপক্ষের মধ্যে বিবাদ ঘিরে ওই কার্যালয়ের মালিক মিয়া মশিউজ্জামানের কার্যালায়ের প্রধান ফটকে নতুন কেঁচিগেট লাগিয়ে দিয়ে তালা ঝুলিয়ে দেন। ওই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করতে চেষ্টা করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, পুলিশ আমাদের কোনো নিরাপত্তা দেয়নি। উল্টো তারাই আমাদের ওপর হামলে পড়েছে।

তারা আমাদের কার্যালয় ছাড়া করার চেষ্টা করেছে। সভাপতি নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদকে নিয়ে যে ষড়যন্ত্র করছে সেটা সবাই দেখেছে। আমাদের যা কিছু করা হোক। আমরা বাকশালী সরকারের কাছে মাথানত করবো না। আমাদের চুক্তির মেয়াদ আরও ৬ মাস আছে। তাই আমাদের চুক্তি অনুযায়ী আর ৬ মাস আমরা কার্যালয়ে থাকবো। কোনোভাবেই কার্যালয় ছাড়বো না। পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে ঝামেলা হয়েছে শুনে পুলিশ গেছে। পুলিশের সঙ্গে তাদের কর্মীদের ধস্তাধস্তি হয়েছে। তবে পুলিশ কোনো প্রকার বল প্রয়োগ করেনি।

কার্যালয় থেকে নিচে নেমে নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, পুলিশ তাদের পিটিয়েছে। মশিউজ্জামান অস্ত্রসহ ক্যাডার নিয়ে আসছেন। আর জিডি করার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো আমাদের পিটিয়েছে। আমাদের অনেকে আহত হয়েছে। নুর বলেন, আমরা অফিস ছাড়িনি। আমরা ভেতরে প্রবেশ করবো। পুলিশ যেন আমাদের সহযোগিতা করেন। এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতীম জামান টাওয়ারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। গণঅধিকার পরিষদের কার্যালয়ে কাউকেই প্রবেশ করতে দিচ্ছেন না তারা। এদিকে মিয়া মশিউজ্জামান গণমাধ্যমকে বলেন, ১৭ মাসের ভাড়া বাকি থাকার কারণে গণঅধিকার পরিষদের অফিস ছাড়ার জন্য নোটিশ দেয়া হয়েছিল। সেই থেকে তারা আমাকে হুমকি দিচ্ছেন। বলছেন আমি মালিক না। আর আমি জমির মালিকানা সম্পর্কিত দলিল হাজির করতে না পারলে তারা এই কার্যালয় ছাড়বেন না। কার্যালয়ে তালা ভাঙা হয়নি। আমি শুধু দরজার সামনে নতুন একটি কেঁচিগেট লাগিয়েছি।