Home জাতীয় ১৪ দলের বৈঠকে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১৪ দলের বৈঠকে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

42

ঢাকা অফিস।।
কোনো চাপে আপস না করে আগামী নির্বাচন একসঙ্গে লড়ার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল। এ জন্য নিজেদের মধ্যে কোনো সন্দেহ না রাখার অনুরোধ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধান মেনে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, বিদেশিদের যেকোনো হস্তক্ষেপ এক সঙ্গে মোকাবিলা করবে ১৪ দল। বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। প্রায় আড়াই ঘণ্টার এ বৈঠকে জোটের সদস্যরা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। বৈঠকে উঠে আসে সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম) ওপর হামলার বিষয়ও। প্রধানমন্ত্রী হিরো আলমকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেনÑ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ প্রমুখ। জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ১৪ দলের সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসীম সাহসিকতা, প্রজ্ঞা, সততা ও দক্ষতা নিয়ে যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন বাংলাদেশকে তার সৃষ্টির মূল আদর্শ থেকে বিচ্যুত করার এক সুগভীর ষড়যন্ত্র চলছে।

দেশবিরোধী চক্রান্তকারীরা অপশক্তির সহায়তায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তির অপ্রয়োজনীয় হস্তক্ষেপকে উৎসাহিত করছে। একটি চিহ্নিত মহল দেশের সাংবিধানিক সরকার ব্যবস্থা ব্যাহত করার ষড়যন্ত্র করছে। পাশাপাশি চক্রান্তকারীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এতে আরও বলা হয়, জনগণের স্বার্থ পরিপন্থি কোনো প্রকার অসাংবিধানিক ষড়যন্ত্রের সঙ্গে ১৪ দলীয় জোট কখনো আপস করবে না। কেন্দ্রীয় ১৪ দল রাজপথে থেকে সকল প্রকার অপশক্তিকে মোকাবিলা করবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে জোটগতভাবে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।
বৈঠকে অংশ নেয়া বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তির অপ্রয়োজনীয় হস্তক্ষেপের বিষয়টি উঠে এসেছে। এতে সবাই বলেছে, এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, যতই ষড়যন্ত্র হোক, কোনো বিদেশি শক্তির কাছে আমরা মাথা নত করবো না, এটা সবাই এক বাক্যে বলেছে।

সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, যতই ষড়যন্ত্র হোক, নির্বাচন যথাসময়ে, সংবিধান মেনে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে জানিয়ে শেখ হাসিনা জোটের শরিকদের বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তার বিশ্বাস, সব দল ভোটে অংশ নেবে। বিরোধী দল বিএনপি’র আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তারা ২০১৮ সালে গুরুত্ব দিয়ে ভোট করেনি। তাদের লক্ষ্য ছিল নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা। এবারও তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তবে আওয়ামী লীগ সতর্ক আছে। জনগণ তার পাশে আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতেও নানা ষড়যন্ত্র হয়েছে। তা মোকাবিলা করে এগিয়ে গেছেন তিনি। এবারো তা করতে সক্ষম হবেন। বিশ্বরাজনীতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব করে চলার নীতি তার। তবে বিশেষ কারও কাছে মাথা নিচু করবেন না।

এ সময় দু’জন নেতা ১৪ দলীয় জোট সম্প্রসারণের বিষয়ে প্রশ্ন তোলেন। তবে বেশির ভাগ নেতা এর বিরোধিতা করেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলকে আদর্শিক জোট উল্লেখ করে বলেন, এই জোট সম্প্রসারণ হবে না। তবে ভোটের মাঠে প্রয়োজনে অন্যদের সঙ্গে নির্বাচনী ঐক্য হতে পারে। এ ছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলাকে পূর্বপরিকল্পিত অন্তর্ঘাত (স্যাবোটাজ) বলে মন্তব্য করেন। হিরো আলমকে কারা দাঁড় করিয়েছে, কে টাকা দিয়েছে, সেটাও খুঁজে দেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আর নির্বাচন সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি রোধে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান শরিক দলের নেতারা। প্রায় সবাই ১৪ দলের তৎপরতা তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেয়ার কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, টিসিবি’র কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। এতে এক লাখ পরিবার উপকৃত হচ্ছে। পাট শ্রমিকদের জন্যও সরকার বিশেষ ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিচ্ছে।