স্টাফ রিপোর্টার।।
খুলনায় পুলিশের কাজে বাধা, হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগে যুবদল, ছাত্রদল ও বিএনপির ১৪ জনের নাম উল্লেখসহ ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিকুল ইসলাম বাদী হয়ে এ সোমবার রাতে এ মামলাটি দায়ের করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, বিএনপি নেতা মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, ইবাদুল হক রুবায়েত, মো. হেলাল আহমেদ সুমন, মো. তাজিম বিশ্বাস, মো. রবি, আসাদুজ্জামান মিঠু, হেলাল হোসেন গাজী, বেলাল হোসেন গাজী, মো. নাছিম, শেখ নাদিমুজ্জামান জনি ও খায়রুজ্জামান সজিব।
মামলা এজাহারে বলা হয়েছে, সোমবার (১৭ জুলাই) নগরীর বেবী স্ট্যান্ড এলাকায় বিএনপির সমাবেশস্থলে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিল।
দুপুর পৌনে একটার দিকে একটি গাড়িতে খাবার নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের দেওয়ার জন্য অপর সদস্যরা সোয়াওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যান। পুলিশ সদস্যদের খাবার বিতরণকালে সমাবেশ থেকে মামলার আসামিরা লাঠিসোঠা নিয়ে পুলিশের ওপর আকষ্মিক হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার ঘটনায় বেশকয়েকজন পুলিশ সদস্য আহত হয়। রাতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়।
মামলার বাদী খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘মাত্র কয়েক মিনিটের মধ্যে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
এতে পুলিশ সদস্যরা মারা যেতে পারতেন। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট, পুলিশের কাজে বাধার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।











































