ঢাকা অফিস।।
অভ্যাসটা তার নতুন নয়, পুরোনো। আর সময়টাও সেই একই। পুরো দেশ যখন ডেঙ্গু আতঙ্কে, ঘরে ঘরে যখন জ্বর, হাসপাতালগুলোতে রোগী রাখার জায়গা নেই, চিকিৎসকদের দম ফেলার ফুরসত নেই, যখন একের পর এক মৃত্যু হচ্ছে- স্বাস্থ্য নিয়ে যখন উন্মাতাল অবস্থা দেশে, তখনই স্বাস্থ্য খাতের প্রধানকে কোথাও খুঁজে পাওয়া যায় না।
জানা গেছে, পুরো দেশ যখন ডেঙ্গু আতঙ্কে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যখন বর্তমান পরিস্থিতিকে পাবলিক হেলথ ইমার্জেন্সি বলে আখ্যা দিচ্ছেন, তখন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অবকাশ কাটাচ্ছেন মালয়েশিয়ায়।
এর আগে যে বছর দেশে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীর রেকর্ড হয়, সে বছরও ঠিক এই সময়ে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর নিয়ে জানা যায়, পারিবারিক অবকাশে তিনি মালয়েশিয়ায়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বর্তমানে কোথায় আছেন প্রশ্নে তার ব্যক্তিগত সহকারী রিয়াজুল হক বলেন, ‘স্যার বর্তমানে দেশের বাইরে আছেন। কোথায় আছেন প্রশ্নে তিনি বলেন, মালয়েশিয়ায়।’
তিনি কি অফিশিয়াল নাকি ব্যক্তিগত কাজে গেছেন, এমন প্রশ্নে রিয়াজুল হক বলেন, ‘তিনি ফ্যামিলি ট্রিপে আছেন। পরিবারের সবাইকে নিয়ে গেছেন তিনি। গত ১২ জুলাই এক সপ্তাহের ট্যুরে গেছেন।’
প্রসঙ্গত, চলতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে মে মাসের মাঝামাঝি থেকে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
স্বাস্থ্যমন্ত্রী যখন দেশের বাইরে যান, অর্থাৎ ১২ জুলাইয়ের আগে থেকে ডেঙ্গুর একেবারে পিক টাইম। তার ঠিক আগের দিন (১১ জুলাই) চলতি বছরে প্রথমবার এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা হাজারের ঘর পার হয়। তার আগে টানা কয়েক দিন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এবং মৃত্যু আগের দিনের চেয়ে বেড়ে নতুন রেকর্ড হয়। ৯ জুলাই ছিল হাসপাতালে ভর্তি এবং মৃত্যু- দুটোতেই রেকর্ড।
এমনকি মন্ত্রী যেদিন (১২ জুলাই) দেশের বাইরে যান, সেদিন রোগীর চাপের কারণে ডিএনসিসি করোনা হাসপাতালকে ডেঙ্গু রোগীদের জন্য ডেডিকেটেড করে।
তবে কেবল ডেঙ্গুর এই পিক টাইমেই নয়, স্বাস্থ্য খাতে অস্থিরতা চলছিল আরও বিষয়ে। তার মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়ানোর আন্দোলন, সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের কারাগারে থাকা নিয়ে।
৯ জুলাইয়ে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। ওজিএসবি ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহার মুক্তির দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় সারা দেশের চিকিৎসকরা এই প্রতিবাদের সঙ্গে একাত্মতা জানিয়ে নিজ নিজ অবস্থানে থেকে এর সঙ্গে যুক্ত হন। অর্থাৎ পুরো দেশের চিকিৎসকরা ওজিএসবির আন্দোলনকে সমর্থন করে।
এই পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের প্রধান হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর দেশে থাকাটা কতটা প্রয়োজন, এমন প্রশ্নে চিকিৎসক নেতা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বলেন, ‘এগুলো কী হচ্ছে, আমি বুঝতে পারছি না। এই মুহূর্তে তার দেশের বাইরে যাওয়ায় আমি হতাশ এবং বিস্মিত- আমার আর কিছু বলার নেই।’
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক স্বাস্থ্যমন্ত্রীকে টিম লিডার আখ্যা দিয়ে বলেন, ‘যখন পুরো দেশজুড়ে ডেঙ্গুসহ বিভিন্ন ইস্যুতে স্বাস্থ্যের বেসামাল অবস্থা, তখন টিম লিডার কোনোভাবেই দেশ ছাড়তে পারেন না।’
‘তার দিকনির্দেশনায় সবাই কাজ করবে, তিনি কী করে এই সময়ে দেশের বাইরে থাকেন, সেটা বুঝতে আমি অপারগতা প্রকাশ করছি, কারণ এটা আমার বোধের বাইরে।’
বিষয়টি পুরোটাই ‘সেন্স অব রেসপনসিবিলিটি’ বলে অভিহিত করেন স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব। তিনি বলেন, ‘যার সেন্স অব রেসপনসিবিলিটি’ রয়েছে, তিনি এটা করতে পারেন না।’











































