Home আঞ্চলিক খুলনায় ২ জেএমবি সদস্যের ১০ বছর কারাদণ্ড

খুলনায় ২ জেএমবি সদস্যের ১০ বছর কারাদণ্ড

13

 

স্টাফ রিপোর্টার।।

খুলনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জেএমবির দুই সদস্যকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।

 

মঙ্গলবার (১৮ জুলাই) ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নূর মোহাম্মদ অনিক (২৭) ও মো: মোজাহিদুল ইসলাম রাফি (২৪)। তারা দু’জনই খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

সন্ত্রাস বিরোধী আইনের তিন ধারায় তাদের ১০ বছর, সাত বছর ও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। সবগুলো ধারার সাজা একইসাথে চলবে। রায় ঘোষণার পর দুই আসামিকে কড়া নিরাপত্তায় আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের কৌঁসুলি (পিপি) মো: শওকত আলী সুজা জানান, ২০২০ সালের ২৫ জানুয়ারি রাতে বোমা তৈরির সরঞ্জামসহ খুলনা মহানগরের গল্লামারী এলাকা থেকে নূর মোহাম্মদ অনিক এবং মো: মোজাহিদুল ইসলাম রাফিকে আটক করে পুলিশ।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা শাখার পরিদর্শক এনামুল হক ২০২০ সালের ২২ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলার পৃথক তিনটি ধারায় সাজা দিয়েছেন আদালত। একটি ধারায় তাদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, একটি ধারায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, আরেকটি ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।