Home জাতীয় ভোটারদের সাড়া নেই

ভোটারদের সাড়া নেই

16

ঢাকা অফিস।।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা। দিনভরই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটকেন্দ্রগুলোতে ভোটারের অপেক্ষা। কখন লাইন ধরে ভোটাররা আসবে আর মিলবে ভোটের আমেজ। দিন শেষেও ভোটারদের লাইন কোনো কেন্দ্রেই চোখে পড়েনি। সকালবেলা মনে হয়েছিল বেলা বাড়লে ভোটার আসবে, লাইনে থেকে ভোটাররা সিরিয়াল ধরে গিয়ে ভোট দেবেন। কিন্তু তেমনটি হয়নি। দুপুরে মনে করা হয়েছিল হয়তো দুপুরের খাবারের পরে ভোটার আসবে। সেটিও হয়নি। শেষ বিকালেও ভোটারের উপস্থিতি আশা করেও ফলাফল শূন্য। ঠিক এভাবেই কেটে গেল অভিজাত এলাকার উপনির্বাচন।

 

গতকাল গুলশান, বনানী ও মহাখালী এলাকার অন্তত ২০টি কেন্দ্র ঘুরে ও নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং সরজমিন পর্যবেক্ষণ করে ভোটারের অপেক্ষা করা ছাড়া আর কিছুই দেখা যায়নি।
সরজমিন পর্যবেক্ষণে দেখা যায়, ভোট গ্রহণের জন্য প্রতি কেন্দ্রেই সুশৃঙ্খল আয়োজন ছিল। প্রতি কেন্দ্রের বুথে সরকারদলীয় প্রার্থীর এজেন্টরা উপস্থিত ছিলেন। অন্যান্য প্রার্থীদের এজেন্টরা সেভাবে উপস্থিত ছিলেন না। চাপ কমাতে আগে থেকে প্রতি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য একাধিক বুথের ব্যবস্থা করা হয়। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ, আনসার সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা ছিল। র‌্যাব সদস্যরা কিছুক্ষণ পর পর টহল দিচ্ছিলেন। কিন্তু যাদের জন্য এই আয়োজন তারাই ছিলেন অনুপস্থিত।

বেলা ১১টার দিকে কড়াইল বস্তি এলাকার ভোটারদের একাংশের (বেলতলা-আদর্শনগর) ও টিভি গেট এলাকার বাসিন্দাদের ভোটকেন্দ্র টি এন্ড টি আদর্শ মহিলা কলেজে গিয়ে দেখা যায় সেখানে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৩৩টি। কেন্দ্রের একাধিক বুথ ঘুরে দেখা যায় সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টসহ অন্যান্যরা সামনের টেবিলে-বেঞ্চে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। কেউ ঝিমুচ্ছিলেন আবার কেউ কেউ গল্প করে সময় পার করছিলেন। প্রিজাইডিং অফিসার ওবায়দুল হক ভূঁইয়া বলেন, কেন্দ্রে ৩ হাজার ২৪ জন ভোটারের জন্য ৬টি বুথের ব্যবস্থা করা হয়। কিন্তু আড়াই ঘণ্টায় ৩৩টি ভোট পড়ে। ভেবেছিলাম স্বল্প আয়ের মানুষের ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি বেশি থাকবে। কিন্তু বাস্তবে তেমন হয়নি। একই অবস্থা ছিল ইনস্টিটিউট অব পাবলিক হেলথ স্কুল এন্ড কলেজে। এখানে ২ হাজার ৩৪০ জন ভোটারের মধ্যে প্রথম এক ঘণ্টায় ভোট দেন মাত্র ২ দুজন। প্রিজাইডিং অফিসার মাসুদুজ্জামান বলেন, ভোটারের উপস্থিতি যেরকমটা আশা করেছিলাম সেরকম ভোটাররা কেন্দ্রে আসেননি।

জামিয়া মহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রথম ৪ ঘণ্টায় ভোট দেন ৪১১ ভোটার। অথচ অনেকের ধারণা ছিল কড়াইল বস্তি, বউ বাজার, জামাই বাজার, মোশারফ বাজার ও টি এন্ড টি কলোনি এলাকার স্বল্প আয়ের মানুষেরা ভোটে অংশগ্রহণ করে উৎসবে পরিণত করবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। প্রিজাইডিং অফিসার এম ব্রত দেবনাথ বলেন, আমার কেন্দ্রে ৩ হাজার ৪৫৬ জন ভোটার। কিন্তু ৪ ঘণ্টায় ভোট পড়েছে একেবারে কম। আশা করছি বিকাল পর্যন্ত ১ হাজার ভোট পড়বে। আমরা ভোটারের অপেক্ষা করছি। তাদের জন্যই এই আয়োজন।

সকাল থেকে ভোটারের জন্য অপেক্ষা করছিলেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাদিমুল হক। তিনি বলেন, আমার কেন্দ্রে ভোটার ২ হাজার ৩০৫ জন। এরমধ্যে প্রথম ৫ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৪৬টি। সকাল থেকেই আমি ও আমার সহকর্মীরা ভোটারের অপেক্ষা করছি। কিন্তু এই আক্ষেপ কাটছে না। অভিজাত এলাকার মানুষ নাকি দেরিতে ঘুম থেকে ওঠে। স্কুলের অনেক স্টাফ বলেছে দুপুরের খাবারের পর এলাকার মানুষ ভোট দিতে আসবে। এখন সেই অপেক্ষা করছি। এ ছাড়া বিকালেও অনেকে আসতে পারে।