স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহের কালিগঞ্জ থেকে খুলনায় তারুণ্যের সমাবেশে যোগ দিতে এসেছেন ছাত্রদল কর্মী রিপন শেখ ও সবুজ। রোববার রাতের ট্রেনে খুলনা আসেন তারা। রাতে ঘুমিয়েছেন স্টেশনে। সোমবার বেলা ১১টার দিকে মিছিলে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দু’জন। এ সময় কথা হয় তাদের সঙ্গে।
রিপন শেখ জানান, ২০১৪ সালের পর থেকে তার নামে অনেক মামলা হয়েছে। মামলার সংখ্যা সম্পর্কে তার ধারণা নেই। কোর্টে হাজিরার সময় হলে উকিল ও মহুরিরা ডেকে নেয়। তখন কোর্টে গিয়ে হাজিরা দেন।
তিনি আরও জানান, মামলায় একাধিকবার জেলও খেটেছেন তিনি। প্রথম দিকে পরিবারের পক্ষ থেকে মামলার খরচ বহন করা হলেও এখন আর সম্ভব হয় না। মামলার খরচ জোগাতে এখন দিনমজুরি করতে হয়।
রিপন শেখ বলেন, ‘মামলার ঘানি টানতি টানতি এখন সংসারের ভারও বহন করতি হচ্ছে। রাজনীতি করতি আসি জীবনডা ঝালাপালা হয়ে গেছে। শুনতিছি এবার একটা কিছু হবে। তাই নেতাদের কাছে আসিছি, মামলা থেকে কোনোপ্রকার নিষ্কৃতি পাওয়া যায় কি-না।’
আরেক ছাত্রদল কর্মী সবুজ বলেন, ‘কোনো কারণ ছাড়াই একের পর এক মামলা খেয়ে যাচ্ছি। ঘটনা একটা ঘটলেই মামলার আসামি করা হয়। মামলার কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়িছি। এখন পরিবারও মামলার দায় নিতি চায় না। তাই সমাবেশে আসিছি। নেতাদের কাছে বইলে দেখি, যদি কোন উপায় হয়।’
খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশে যোগ দিতে রিপন-সবুজের মতো কালিগঞ্জ থেকে প্রায় দেড় হাজার মানুষ এসেছেন। তাদের ধারণা ছিল, সমাবেশের কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এজন্য একদিন আগেই ট্রেনে করে খুলনা এসে পৌঁছান তারা। সমাবেশ শুরুর আগে স্টেশনে উপস্থিত নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করছেন। কেউ কেউ বক্তৃতা দিয়ে উপস্থিত কর্মীদের চাঙা রাখার চেষ্টা করছেন।
এদিকে সকাল থেকে খুলনার কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে কয়রা ও পাইকগাছা থেকে কোনো যানবাহন খুলনা আসতে পারছে না। এ কারণে সেখানকার যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা নিজস্ব ব্যবস্থাপনায় লঞ্চ ও ট্রলার ভাড়া করে সকালে খুলনা আসেন।
সকালে নগরীর জেলখানা ঘাট, কালিবাড়ি ঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, নেতাকর্মীদের বহনকারী ট্রলার ও লঞ্চ ঘাটে এসে ভিড়ছে। সেখানে নেতাকর্মীরা সকাল ও দুপুরে খাওয়ার জন্য রান্না-বান্না করছেন। রান্নার জন্য বাড়ি থেকে চাল-ডাল নিয়ে এসেছেন নেতাকর্মীরা।
তারা অভিযোগ করেন, সমাবেশের একদিন আগেই মাইকিং করে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও বাধা-বিপত্তি উপেক্ষা করে সমাবেশে পৌঁছাতে পেরে খুশি তারা। সমাবেশ সফল করেই বাড়ি ফিরবেন বলে জানান তারা।
এদিকে কয়রা উপজেলার কালনা গ্রাম থেকে তারুণ্যের সমাবেশে যোগ দিতে খুলনায় এসেছেন ভ্যানচালক আব্দুল জলিল, আবুল কালাম ও মুদি দোকানি মহসীন মোল্লা। তারা কেউই রাজনীতির সঙ্গে জড়িত নন। তবুও তারা ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের সঙ্গে সমাবেশে এসেছেন তারা।
সমাবেশে আসার কারণ জানতে চাইলে ভ্যানচালক আব্দুল জলিল বলেন, ‘২০১৪ সালে ভোটার হবার পর এখনও ভোট দিতে পারিনি। সবাই বলাবলি করছিল, এবার নাকি ভোট দেওয়ার ব্যবস্থা হবে। তাই সমাবেশে আসছি। ভোটের ব্যাপারে কোনো আলোচনা হয় কি-না জানতে।’
আরেক ভ্যানচালক আবুল কালাম বলেন, ‘রাজনীতি না করেও ব্রিজ ভাঙার মামলা খাইছি। সে মামলায় খুলনার আদালতে হাজিরা দিতে হয়। রাজনীতি না করে আমি মামলা খাইছি। আবার যারা রাজনীতি করে তারাও মামলার আসামি। তাদের সঙ্গে আমার আর কোনো পার্থক্য নেই। তাই তাদের ডাকে সমাবেশে এসেছি।’











































