স্পোর্টস ডেস্ক।।
ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ জয় পেলো বাংলাদেশ। গতকাল ব্যাটে-বলে দাপট দেখিয়েই ওমানকে হারালো টাইগাররা। ম্যাচের প্রথম অংশে বল হাতে তাণ্ডব চালান টাইগার পেসার তানজিম হাসান সাকিব। পরে ছোট লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে ঝড় তোলেন তানজিদ হাসান তামিম। এতে ওমান ‘এ’ দলের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ ‘এ’ দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ওমানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। ৪৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে ওমান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ বলে ২৬ রান করেন আয়ান খান। বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট নেন তানজিম হাসান সাকিব। জবাবে ১৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম।
অপর ওপেনার নাঈম শেখ ৪৭ রানে অপরাজিত থাকেন। ১২৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দলকে উড়ন্ত সূচনা এনে দেন নাঈম-তামিম। এই দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ৮৬ রান তোলে বাংলাদেশ। দুজনে বিচ্ছন্নি হওয়ার আগে ওপেনিংয়ে গড়েন শতরানের জুটি। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া তামিম এদিনও দেখান দুর্দান্ত ব্যাটিং। ২৮ বলে ফিফটি পূর্ণ করা ওপনারের ব্যাট থেকে শেষ পর্যন্ত আসে ৪৯ বলে ৬৮ রান। মারকুটে ইনিংসে তামিম হাঁকান ১১টি চার ও দুটি ছক্কা। ১৪.২তম ওভারে তামিমের বিদায়ে ভাঙে ১০৯ রানের জুটি। এরপর তিনে নেমে সুবিধা করতে পারেননি সাইফ হাসান। অধিনায়ক ‘ডাক’ মেরে সাজঘরে ফিরলেও বাকিটা পথ জাকির হাসানকে সঙ্গে নিয়ে নিরাপদেই পাড়ি দেন নাঈম শেখ। এর আগে ওমানের ইনিংসের শুরু থেকেই ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা।
মাত্র ৬ রানেই ওপেনার আবদুল রউফকে সাজঘরে পাঠান রিপন মন্ডল। ৩ রানের ব্যবধানে আকিব ইলিয়াসকে আউট করেন তানজিদ হাসান সাকিব। রানের খাতাই খুলতে পারেননি ওমান অধিনায়ক। এরপর ৪৫ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন বিশ্বকাপ বাছাই প্রতিযোগিতায় নজর কাড়া আয়ান খান ও কাশ্যপ প্রজাপতি। দলীয় রান ৫৪ হতেই সাজঘরে ফিরেন এই দুই ব্যাটার। প্রজাপতি ২২ ও আয়ান ২৬ রান করেন। ষষ্ঠ উইকেটে শুব পল (২৫) ও শোয়েব খান (২৩) খান ৪৫ রানের জুটি গড়েন। তবে তাদের বিদায়ের পর আর কেউই দলের হাল ধরতে পারেননি। ওমানের ইনিংস গুটিয়ে যায় ১২৬ রানে। বাংলাদেশের পক্ষে । ৯ ওভারের স্পেলে মাত্র ১৮ রানে চার উইকেট নেয়া সাকিবের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। মাহমুদুল হাসান জয় ও রাকিবুল হাসান নেন দুটি করে উইকেট। এই জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ‘এ’ দল। আসরের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার দেখেছিল বাংলাদেশ। আগামী মঙ্গলবার কলম্বোর পি সারা ওভাল মাঠে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মোকাবিলা করবে সাইফ হাসানের দল।











































